নাইক্ষ্যংছড়ি টোল ইজারায় ‘সিন্ডিকেটের’ প্রভাবের অভিযোগ
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

নাইক্ষ্যংছড়ি টোল ইজারায় ‘সিন্ডিকেটের’ প্রভাবের অভিযোগ

নাইক্ষ্যংছড়ি টোল ইজারায় ‘সিন্ডিকেটের’ প্রভাবের অভিযোগ
ছবি সংগৃহীত।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চলতি অর্থবছরের টোল পয়েন্ট ইজারা কার্যক্রমে নাইক্ষ্যংছড়ি থানা হাসপাতাল সড়ক পথ টোল পয়েন্টের দরপত্র নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। একই টোল পয়েন্টের দর কয়েক দফায় কমে যাওয়ায় সরকারি রাজস্ব ক্ষতির আশঙ্কা প্রকাশ করে পুনঃযাচাইয়ের দাবী তুলেছেন সংশ্লিষ্টরা।

অভিযোগে জানা যায়, ২৫ জুন (বৃহস্পতিবার) অনুষ্ঠিত দরপত্র খোলার কার্যক্রমে ‘‘নাইক্ষ্যংছড়ি থানা হাসপাতাল সড়ক পথ’’ টোল পয়েন্টের বিপরীতে মোট চারটি দরপত্র জমা পড়ে। এতে সর্বোচ্চ দরদাতা হিসেবে ৫০ লাখ টাকা দর পাওয়া যায়। যিনি এই দর হাকিয়েছেন তিনি গত অর্থবছরে এই টোল পয়েন্টটি ১কোটি ৫লাখ টাকায় নিয়েছিলেন।

তবে সংশ্লিষ্টদের অভিযোগ, চলতি অর্থবছরে প্রথম দফার দরপত্রে এই টোল পয়েন্টের দর ৮০ লাখ টাকা পর্যন্ত উঠেছিল। পরবর্তী দ্বিতীয় ও তৃতীয় দফায় দর ৪০ লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখা হয়। সর্বশেষ চতুর্থ দফায় একই সিন্ডিকেটের একটি পক্ষ ৪০ লাখ টাকা এবং তাদেরই সংশ্লিষ্ট আরেকটি গ্রæপ (পর্দার আড়ালে) ৫০ লাখ টাকা দর দিয়েছে বলে অভিযোগ করা হচ্ছে।

গত অর্থবছরে একই টোল পয়েন্ট ১ কোটি ৫ লাখ টাকায় ইজারা দেওয়া হয়েছিল। চলতি অর্থবছরেও এর প্রথম দফার দরপত্রে ৮০ লাখ টাকা পর্যন্ত দর উঠলেও সর্বশেষ ইজারায় তুলনামূলক কম মূল্যে ইজারা দেওয়া হলে জেলা পরিষদ তথা সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতির আশঙ্কা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাইক্ষ্যংছড়ি থানা হাসপাতাল সড়ক সংলগ্ন এই টোল পয়েন্টটি গুরুত্বপূর্ণ একটি রুট। মিয়ানমার সীমান্ত এলাকা থেকে আসা অবৈধ গরু এবং বৃহত্তর গর্জনিয়া, কচ্ছপিয়া ও লেমুছড়ি এলাকার উৎপাদিত বিভিন্ন পণ্য পরিবহনের কারণে এই সড়ক দিয়ে নিয়মিত যানবাহন চলাচল করে। এ কারণে টোল পয়েন্টটির আয় সম্ভাবনা বেশি বলে দাবি করা হচ্ছে।

অভিযোগে আরও বলা হয়েছে, নাইক্ষ্যংছড়ি ও রামু উপজেলার কয়েকজন চিহ্নিত ইজারাদার একত্রিত হয়ে সিন্ডিকেট তৈরি করে কম মূল্যে দর দেওয়ার চেষ্টা করছেন। তাদের বাইরে অন্য কেউ ইজারায় অংশ নিতে চাইলে বিভিন্ন অঙ্কের টাকার বিনিময়ে দরপত্রের ফরম কিনে নেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত দরপত্র খোলার দিন জেলা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টোল ইজারা ডাকের বিষয়ে পরবর্তী আলোচনাক্রমে সিদ্ধান্ত জানানো হবে বলে সংশ্লিষ্ট ইজারাদারদের জানান।




কচ্ছপিয়ায় ডাকাতি: কৃষককে মারধর করে টাকা-স্বর্ণ লুট, গুলি ফুটিয়ে পালিয়েছে ডাকাত দল

কচ্ছপিয়ায় ডাকাতি: কৃষককে মারধর করে টাকা-স্বর্ণ লুট, গুলি ফুটিয়ে পালিয়েছে ডাকাত দল
ছবি সংগৃহীত।

কক্সবাজারের রামুর কচ্ছপিয়ায় এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের রড ও দা'র উল্টো পিঠের আঘাতে আহত হন কৃষক মো. ইসমাঈল (৩৫) ও তাঁর স্ত্রী।

বুধবার (২২ জুলাই) গভীর রাত আড়াইটার দিকে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের শহরআলীর চর গ্রামের মোহাম্মদ ইসমাইলের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ৭-৮ জন ডাকাত অংশ নেয়।

তারা কৃষক ইসমাঈলের বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ১৫ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে। এমনকি কৃষককে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁর কোলের শিশুকে বিছানায় শুইয়ে জবাই করতেও উদ্যত হয় ডাকাত দল। ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে কৃষক ইসমাঈল এ প্রতিবেদকের কাছে অকপটে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাড়ির সবকিছু লুট করে চলে যাওয়ার সময় ডাকাতদল তাঁর বাড়ি থেকে ৩০ ফুট দূরে গিয়ে পরপর দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।

ইসমাইল আক্ষেপ করে বলেন, তাঁদের এলাকায় পুলিশ কখনো টহল দেয় না। যদি মাঝে মাঝে পুলিশি টহল থাকত, তবে ডাকাত দল অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে ডাকাতি করার সাহস পেত না। তিনি এখন নিঃস্ব।

বর্তমানে এই ইউনিয়নের শহরআলীর চর, নাপিতের চর, ডেইংগার চর, ডাকভাঙ্গা ও আশপাশের মানুষ চরম আতঙ্কে রয়েছে।




লামায় বোনের পালিয়ে বিয়ের ক্ষোভে ভাইয়ের আত্মহত্যা

লামায় বোনের পালিয়ে বিয়ের ক্ষোভে ভাইয়ের আত্মহত্যা
ছবি সংগৃহীত।

বান্দরবানের লামা উপজেলায় বোনের পালিয়ে বিয়ের খবর সহ্য করতে না পেরে মো. হাসান (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে লামা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান পাড়াস্থিত একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত মো. হাসান পটিয়া থানার কোলাগাঁও টেক (চর কানাই, ছবুর মার্কেট) এলাকার মনো মিয়ার ছেলে এবং মো. সোলাইমানের পালক পুত্র। তিনি দীর্ঘদিন ধরে পরিবারের সাথে লামা পৌরসভার চেয়ারম্যান পাড়ার আনোয়ারা বেগমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত হাসানের ছোট বোন মেহেরুন্নেসা (২০) পরিবারের অজান্তে স্থানীয় সাকিব নামের এক যুবকের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেন। ছোট বোনের এমন কাণ্ড মেনে নিতে না পেরে তীব্র ক্ষোভ ও অভিমানে হাসান নিজ বসতঘরের বাঁশের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।

খবর পেয়ে লামা থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল কবির সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ মরহুমের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়ছার হামিদ জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”




নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২

নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২
ছবি সংগৃহীত।

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিপুল পরিমাণ টাকাসহ ২ চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক।

বিজিবি সূত্র জানায়, সোমবার বিকেলে আটকের পর তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। মঙ্গলবার (২১ জুলাই) সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২ জনকে থানায় সোপর্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— ছুরত আলম (৩২) ও আমানুল্লাহ (৪০)। তাঁদের কাছ থেকে ১ লাখ ৬২ হাজার টাকা উদ্ধার করা হয়।

সূত্র আরও জানায়, আটক ব্যক্তিদের সীমান্তের ৫০ নম্বর পিলার এলাকা থেকে আটক করেছে ১১ বিজিবির আওতাধীন লেবুছড়ি বিওপির জওয়ানেরা।

১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, “বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী। যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড বিজিবি কঠোর হস্তে দমন করবে। এতে ছাড় দেওয়া হবে না।”