দৌছড়ি সীমান্তে অসহায় মানুষের পাশে ১১ বিজিবি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার লেম্বুছড়ি সীমান্তবর্তী দৌছড়ি এলাকায় গরিব, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, ঔষধ বিতরণ এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী প্রদান করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বিজিবির লেম্বুছড়ি বিওপির দায়িত্বপূর্ণ বাহিরমাঠ এলাকায় এ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
কর্মসূচির আওতায় দুর্গম সীমান্ত এলাকায় বসবাসরত চিকিৎসাসেবা বঞ্চিত প্রায় ৩০০ জন গরিব, অসহায় ও দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।
এছাড়া লেম্বুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০১ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী, খেলাধুলার উপকরণ ও পরিবেশবান্ধব গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে গরিব, অসহায় ও দুস্থ জনসাধারণ, শিক্ষার্থী এবং উপস্থিত প্রায় ৫০০ জনের মাঝে খাবার বিতরণ করা হয়।
বিজিবি জানায়, সীমান্তবর্তী জনসাধারণের সঙ্গে সুসম্পর্ক, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ ধরনের উদ্যোগ সীমান্ত অঞ্চলের সার্বিক উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করছে বাহিনীটি।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি অপারেশন উত্তরণ-এর আওতায় বিজিবি দীর্ঘদিন ধরে বিভিন্ন জনবান্ধব ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
তিনি আরও বলেন, “আজকের আয়োজন চলমান মানবিক কার্যক্রমেরই অংশ। ভবিষ্যতেও নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এ ধরনের কল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখবে।”









