দীর্ঘ ৯ বছরের স্থবিরতার অবসান, নতুন উত্তেজনা: বান্দরবান ছাত্রদলে জিকু–শহিদুলের নেতৃত্বে নতুন যাত্রা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

দীর্ঘ ৯ বছরের স্থবিরতার অবসান, নতুন উত্তেজনা: বান্দরবান ছাত্রদলে জিকু–শহিদুলের নেতৃত্বে নতুন যাত্রা

দীর্ঘ ৯ বছরের স্থবিরতার অবসান, নতুন উত্তেজনা: বান্দরবান ছাত্রদলে জিকু–শহিদুলের নেতৃত্বে নতুন যাত্রা
ছবি সংগৃহীত।

দীর্ঘ প্রায় নয় বছর পর নতুন আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বান্দরবান জেলা শাখার। কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শনিবার (০২ মে ২০২৬) নতুন এ কমিটি ঘোষণা করা হয়।
২০১৭ সালের পর থেকে দীর্ঘ সময় ধরে বান্দরবান জেলা ছাত্রদলের কোনো পূর্ণাঙ্গ কমিটি না থাকায় সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। দীর্ঘ বিরতির পর নতুন কমিটি ঘোষণার মাধ্যমে সংগঠনটি পুনর্গঠন প্রক্রিয়ায় প্রবেশ করল বলে রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে।
নবঘোষিত কমিটিতে আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফরহাদ হোসেন জিকু। তিনি জেলা পর্যায়ে সংগঠন পুনর্গঠন, তৃণমূল পর্যায়ে কার্যক্রম বিস্তৃত করা এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার দায়িত্ব পালন করবেন।
কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন শহিদুল ইসলাম। তিনি সংগঠনের সার্বিক সমন্বয়, প্রশাসনিক কার্যক্রম পরিচালনা এবং কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের যোগাযোগ রক্ষার দায়িত্ব পালন করবেন।
সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অংসাহা মারমা। এছাড়া যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুমন ত্রিপুরা, মোহাম্মদ রিদুয়ানুল হক, আবুল কালাম আজাদ, কাউসার ইসলাম, মিঠুন কান্তি দাস, মো. রবিউল হোসেন ইরান এবং মো. সেফায়েত হোসাইন তারেক।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ত্রিশ (৩০) দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে। একই সঙ্গে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
দীর্ঘ বিরতির পর কমিটি ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই কমিটি ঘোষণার মাধ্যমে বান্দরবান জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে এবং তৃণমূল পর্যায়ে সংগঠন আরও শক্তিশালী হবে।




কচ্ছপিয়ায় ডাকাতি: কৃষককে মারধর করে টাকা-স্বর্ণ লুট, গুলি ফুটিয়ে পালিয়েছে ডাকাত দল

কচ্ছপিয়ায় ডাকাতি: কৃষককে মারধর করে টাকা-স্বর্ণ লুট, গুলি ফুটিয়ে পালিয়েছে ডাকাত দল
ছবি সংগৃহীত।

কক্সবাজারের রামুর কচ্ছপিয়ায় এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের রড ও দা'র উল্টো পিঠের আঘাতে আহত হন কৃষক মো. ইসমাঈল (৩৫) ও তাঁর স্ত্রী।

বুধবার (২২ জুলাই) গভীর রাত আড়াইটার দিকে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের শহরআলীর চর গ্রামের মোহাম্মদ ইসমাইলের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ৭-৮ জন ডাকাত অংশ নেয়।

তারা কৃষক ইসমাঈলের বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ১৫ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে। এমনকি কৃষককে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁর কোলের শিশুকে বিছানায় শুইয়ে জবাই করতেও উদ্যত হয় ডাকাত দল। ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে কৃষক ইসমাঈল এ প্রতিবেদকের কাছে অকপটে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাড়ির সবকিছু লুট করে চলে যাওয়ার সময় ডাকাতদল তাঁর বাড়ি থেকে ৩০ ফুট দূরে গিয়ে পরপর দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।

ইসমাইল আক্ষেপ করে বলেন, তাঁদের এলাকায় পুলিশ কখনো টহল দেয় না। যদি মাঝে মাঝে পুলিশি টহল থাকত, তবে ডাকাত দল অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে ডাকাতি করার সাহস পেত না। তিনি এখন নিঃস্ব।

বর্তমানে এই ইউনিয়নের শহরআলীর চর, নাপিতের চর, ডেইংগার চর, ডাকভাঙ্গা ও আশপাশের মানুষ চরম আতঙ্কে রয়েছে।




লামায় বোনের পালিয়ে বিয়ের ক্ষোভে ভাইয়ের আত্মহত্যা

লামায় বোনের পালিয়ে বিয়ের ক্ষোভে ভাইয়ের আত্মহত্যা
ছবি সংগৃহীত।

বান্দরবানের লামা উপজেলায় বোনের পালিয়ে বিয়ের খবর সহ্য করতে না পেরে মো. হাসান (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে লামা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান পাড়াস্থিত একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত মো. হাসান পটিয়া থানার কোলাগাঁও টেক (চর কানাই, ছবুর মার্কেট) এলাকার মনো মিয়ার ছেলে এবং মো. সোলাইমানের পালক পুত্র। তিনি দীর্ঘদিন ধরে পরিবারের সাথে লামা পৌরসভার চেয়ারম্যান পাড়ার আনোয়ারা বেগমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত হাসানের ছোট বোন মেহেরুন্নেসা (২০) পরিবারের অজান্তে স্থানীয় সাকিব নামের এক যুবকের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেন। ছোট বোনের এমন কাণ্ড মেনে নিতে না পেরে তীব্র ক্ষোভ ও অভিমানে হাসান নিজ বসতঘরের বাঁশের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।

খবর পেয়ে লামা থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল কবির সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ মরহুমের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়ছার হামিদ জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”




নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২

নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২
ছবি সংগৃহীত।

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিপুল পরিমাণ টাকাসহ ২ চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক।

বিজিবি সূত্র জানায়, সোমবার বিকেলে আটকের পর তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। মঙ্গলবার (২১ জুলাই) সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২ জনকে থানায় সোপর্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— ছুরত আলম (৩২) ও আমানুল্লাহ (৪০)। তাঁদের কাছ থেকে ১ লাখ ৬২ হাজার টাকা উদ্ধার করা হয়।

সূত্র আরও জানায়, আটক ব্যক্তিদের সীমান্তের ৫০ নম্বর পিলার এলাকা থেকে আটক করেছে ১১ বিজিবির আওতাধীন লেবুছড়ি বিওপির জওয়ানেরা।

১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, “বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী। যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড বিজিবি কঠোর হস্তে দমন করবে। এতে ছাড় দেওয়া হবে না।”