দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে রক্তের আহ্বানের ১ যুগ পূর্তি উদযাপন

চট্টগ্রামের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন “রক্তের আহ্বানে”-এর ১ যুগ পূর্তি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ এপ্রিল) সকাল থেকে চট্টগ্রামের খুলশি ঝাউতলা কলোনী উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, কেক কাটা, সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, ক্রেস্ট প্রদান ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি খুলশীতে অবস্থিত “উপলব্ধি” আশ্রয় কেন্দ্রে শিশুদের সঙ্গে আনন্দঘন সময় কাটান সংগঠনের সদস্যরা এবং তাদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, গত ১২ বছরে “রক্তের আহ্বান” অসংখ্য মুমূর্ষু রোগীর পাশে দাঁড়িয়ে রক্ত সংগ্রহ ও সরবরাহের মাধ্যমে মানবতার সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এই দীর্ঘ পথচলায় হাজারো মানুষের মুখে হাসি ফোটানোর অভিজ্ঞতা তাদের এগিয়ে যাওয়ার প্রেরণা হয়ে কাজ করছে।
দিনব্যাপী কর্মসূচিতে রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
শিক্ষার্থীদের মাঝে “রক্তদানে নেই ভয়, রক্তদানেই জীবনের জয়” এই বার্তা ছড়িয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে প্রয়াত তাপশ বড়ুয়াকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা বলেন, মানবিক কাজের মধ্য দিয়েই তাপশের স্মৃতি চিরজীবী হয়ে থাকবে।
এছাড়া নতুন সংগঠন “আরাফ ফাউন্ডেশন”-এর পথচলাও এই আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উল্লেখ করা হয়। ভবিষ্যতে মানবতার কল্যাণে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
১ যুগ পূর্তি উপলক্ষে সংগঠনের সম্মানিত সদস্যদের হাতে স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়। দিনটির বিভিন্ন আয়োজনে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়, যেখানে কেক কাটার উচ্ছ্বাস ও শিশুদের হাসি পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি দেলোয়ার হোসেন তুহিন, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, সাবেক সভাপতি ফখরুল ইসলাম ইমন, সাবেক সভাপতি নাঈমু হোসেন (জাফরান), সদস্য এইচ এম রুহুল কাদের, তৈয়মুর রেজা , ইসমাইল হোসেন নাহিয়ান, সুমন দে, কাজি আর্জিনা জাহান, মোহাম্মদ হিজবুল্লাহ, “উপলব্ধি”-এর পরিচালক শেলী রক্ষিত, নুরুল আলম, সাইফুল ইসলাম, খুশিসহ বিভিন্ন স্তরের সদস্য ও স্বেচ্ছাসেবীরা।
শেষে আয়োজকরা সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মানবতার সেবায় ভবিষ্যতেও পাশে থাকার আহ্বান জানান।










