থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক

বান্দরবানের থানচিতে পাঁচ বছরের এক ত্রিপুরা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে বিজয় বড়ুয়া (১৫) নামের এক কিশোরের বিরুদ্ধে।
আজ রোববার (২৪ মে) সকালে থানচি সদরের নতুন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত কিশোর সদর ইউনিয়নের নতুন পাড়ার বাসিন্দা।
স্থানীয়রা জানান, গতকাল রাতে ওই ত্রিপুরা শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে ওই কিশোর। সকালে ভুক্তভোগী শিশু তার মা-বাবাকে বিষয়টি জানালে তাকে থানচি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনার পর স্থানীয়রা বিজয় বড়ুয়া নামের ওই কিশোরকে ধরে থানচি থানায় সোপর্দ করেন।
থানচি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ওয়াহেদুল জামান মুরাদ জানান, ঘটনা শোনার পরপরই হাসপাতালে একজন নারী চিকিৎসককে রাখা হয়েছে, যাতে ভুক্তভোগী শিশুটি যেকোনো সময় চিকিৎসাসেবা নিতে পারে। তবে ভুক্তভোগী ওই শিশুকে প্রাথমিক প্রক্রিয়া শেষে সরাসরি বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার জানান, ধর্ষণের ঘটনায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত বিজয় বড়ুয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে।









