থানচিতে বিজিবির বিশেষ হাম-রুবেলা প্রতিরোধমূলক টিকাদান ও মেডিকেল ক্যাম্পেইন
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

থানচিতে বিজিবির বিশেষ হাম-রুবেলা প্রতিরোধমূলক টিকাদান ও মেডিকেল ক্যাম্পেইন

থানচিতে বিজিবির বিশেষ হাম-রুবেলা প্রতিরোধমূলক টিকাদান ও মেডিকেল ক্যাম্পেইন
ছবি সংগৃহীত।

স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী বংকুপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ প্রদীপ পাড়া এলাকায় কয়েকজন শিশু হাম-রুবেলার উপসর্গে আক্রান্ত হওয়ার বিষয়টি জানা যায়। প্রাপ্ত তথ্যানুযায়ী, একজন কিশোরীর মৃত্যু এবং আরও কয়েকজন শিশু আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেলে বিষয়টির গুরুত্ব বিবেচনায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। এমতাবস্থায় মানবিক দায়িত্ববোধ ও জনকল্যাণের অঙ্গীকার থেকে সীমান্তবর্তী দুর্গম পার্বত্য জনপদের প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এরই প্রেক্ষিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বলিপাড়া জোন (৩৮ বিজিবি) মানবিক দায়িত্ববোধ ও জনকল্যাণের অঙ্গীকার থেকে বংকুপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ প্রদীপ পাড়া ও শালুকিয়া পাড়া এলাকায় বিশেষ হাম-রুবেলা প্রতিরোধমূলক টিকাদান ও মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে।
বলিপাড়া জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেন বিপিএমএস-এর দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে মেডিকেল অফিসার মেজর তাবেঈন ইয়াসিয়াজ ভূঁইয়া, বিজিওএম, এএমসি এর নেতৃত্বে এবং এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানচি এর সহযোগিতায় একটি অভিজ্ঞ মেডিকেল টিম উক্ত টিকাদান ক্যাম্পেইন পরিচালনা করে। উক্ত ক্যাম্পেইনের আওতায় সম্ভাব্য আক্রান্ত শিশুদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা ও টিকাদান কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্থানীয় অসহায়, দরিদ্র ও চিকিৎসাবঞ্চিত নারী, পুরুষ ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং স্বাস্থ্যবিষয়ক পরামর্শ প্রদান করা হয়। একই সঙ্গে হাম-রুবেলা প্রতিরোধে টিকাদানের গুরুত্ব ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে স্থানীয় জনগণকে উদ্বুদ্ধ করা হয়। দুর্গম পার্বত্য এলাকার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উপস্থিতি পুরো কার্যক্রমকে আরও অর্থবহ ও প্রাণবন্ত করে তোলে।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ বিজিবির এ মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। সীমান্ত এলাকার মানুষের কল্যাণ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে বিজিবির এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




কচ্ছপিয়ায় ডাকাতি: কৃষককে মারধর করে টাকা-স্বর্ণ লুট, গুলি ফুটিয়ে পালিয়েছে ডাকাত দল

কচ্ছপিয়ায় ডাকাতি: কৃষককে মারধর করে টাকা-স্বর্ণ লুট, গুলি ফুটিয়ে পালিয়েছে ডাকাত দল
ছবি সংগৃহীত।

কক্সবাজারের রামুর কচ্ছপিয়ায় এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের রড ও দা'র উল্টো পিঠের আঘাতে আহত হন কৃষক মো. ইসমাঈল (৩৫) ও তাঁর স্ত্রী।

বুধবার (২২ জুলাই) গভীর রাত আড়াইটার দিকে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের শহরআলীর চর গ্রামের মোহাম্মদ ইসমাইলের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ৭-৮ জন ডাকাত অংশ নেয়।

তারা কৃষক ইসমাঈলের বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ১৫ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে। এমনকি কৃষককে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁর কোলের শিশুকে বিছানায় শুইয়ে জবাই করতেও উদ্যত হয় ডাকাত দল। ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে কৃষক ইসমাঈল এ প্রতিবেদকের কাছে অকপটে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাড়ির সবকিছু লুট করে চলে যাওয়ার সময় ডাকাতদল তাঁর বাড়ি থেকে ৩০ ফুট দূরে গিয়ে পরপর দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।

ইসমাইল আক্ষেপ করে বলেন, তাঁদের এলাকায় পুলিশ কখনো টহল দেয় না। যদি মাঝে মাঝে পুলিশি টহল থাকত, তবে ডাকাত দল অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে ডাকাতি করার সাহস পেত না। তিনি এখন নিঃস্ব।

বর্তমানে এই ইউনিয়নের শহরআলীর চর, নাপিতের চর, ডেইংগার চর, ডাকভাঙ্গা ও আশপাশের মানুষ চরম আতঙ্কে রয়েছে।




লামায় বোনের পালিয়ে বিয়ের ক্ষোভে ভাইয়ের আত্মহত্যা

লামায় বোনের পালিয়ে বিয়ের ক্ষোভে ভাইয়ের আত্মহত্যা
ছবি সংগৃহীত।

বান্দরবানের লামা উপজেলায় বোনের পালিয়ে বিয়ের খবর সহ্য করতে না পেরে মো. হাসান (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে লামা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান পাড়াস্থিত একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত মো. হাসান পটিয়া থানার কোলাগাঁও টেক (চর কানাই, ছবুর মার্কেট) এলাকার মনো মিয়ার ছেলে এবং মো. সোলাইমানের পালক পুত্র। তিনি দীর্ঘদিন ধরে পরিবারের সাথে লামা পৌরসভার চেয়ারম্যান পাড়ার আনোয়ারা বেগমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত হাসানের ছোট বোন মেহেরুন্নেসা (২০) পরিবারের অজান্তে স্থানীয় সাকিব নামের এক যুবকের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেন। ছোট বোনের এমন কাণ্ড মেনে নিতে না পেরে তীব্র ক্ষোভ ও অভিমানে হাসান নিজ বসতঘরের বাঁশের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।

খবর পেয়ে লামা থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল কবির সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ মরহুমের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়ছার হামিদ জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”




নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২

নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২
ছবি সংগৃহীত।

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিপুল পরিমাণ টাকাসহ ২ চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক।

বিজিবি সূত্র জানায়, সোমবার বিকেলে আটকের পর তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। মঙ্গলবার (২১ জুলাই) সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২ জনকে থানায় সোপর্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— ছুরত আলম (৩২) ও আমানুল্লাহ (৪০)। তাঁদের কাছ থেকে ১ লাখ ৬২ হাজার টাকা উদ্ধার করা হয়।

সূত্র আরও জানায়, আটক ব্যক্তিদের সীমান্তের ৫০ নম্বর পিলার এলাকা থেকে আটক করেছে ১১ বিজিবির আওতাধীন লেবুছড়ি বিওপির জওয়ানেরা।

১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, “বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী। যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড বিজিবি কঠোর হস্তে দমন করবে। এতে ছাড় দেওয়া হবে না।”