থানচিতে বিজিবির গণসংযোগ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

বান্দরবানের থানচিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয়দের সঙ্গে গণসংযোগ ও ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে বলিপাড়া জোন (৩৮ বিজিবি)-এর উদ্যোগে উপজেলার ক্যচুপাড়া এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
গণসংযোগ কার্যক্রমে নেতৃত্ব দেন ৩৮ বিজিবির সহকারী পরিচালক মেজর মো. জাকির হোসেন। এ সময় তিনি নির্বাচনকালীন শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, গুজবে কান না দেওয়া এবং অস্ত্র-মাদক চোরাচালানসহ যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড রোধে স্থানীয় জনগণকে সচেতন করেন। তিনি বলেন, “শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং সীমান্ত অপরাধ দমনে বিজিবি সবসময় তৎপর রয়েছে।”
গণসংযোগ শেষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে স্থানীয় পাহাড়ী ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন মেডিকেল অফিসার মেজর তাবেঈন ইয়াসিয়াজ ভূঁইয়া। এ সময় বিজিবির অন্যান্য কর্মকর্তা, স্থানীয় কারবারি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিজিবির এই জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, এ ধরনের কার্যক্রম নিরাপত্তা বাহিনীর সঙ্গে জনগণের সম্পর্ক দৃঢ় করার পাশাপাশি স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।









