ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন বান্দরবানের অ্যাডভোকেট মাধবী মারমা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে তিন পার্বত্য জেলা থেকে মনোনয়ন পেয়েছেন বান্দরবান জেলা বিএনপির মহিলা দলের নেত্রী অ্যাডভোকেট মাধবী মারমা।
সোমবার (২০ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সারাদেশে সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর তালিকা প্রকাশ করে। এতে স্থান করে নেন বান্দরবানের এই নারী নেত্রী।
অ্যাডভোকেট মাধবী মারমা দীর্ঘদিন ধরে জেলা মহিলা দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ২০২৪ সালের নভেম্বরে গঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদের একজন সদস্য। পেশাগতভাবে তিনি বান্দরবান জেলা জজ আদালতের আইনজীবী এবং দুর্নীতি প্রতিরোধ কমিটি, বান্দরবান শাখার সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।
তার এই মনোনয়নকে পার্বত্য অঞ্চলে নারী নেতৃত্বের অগ্রগতির একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতার পাশাপাশি আইন পেশায় তার দক্ষতা সংসদীয় কার্যক্রমে কার্যকর ভূমিকা রাখতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনের এই আসনটি পার্বত্য তিন জেলা—বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি নিয়ে গঠিত। ফলে এই আসনের মাধ্যমে পুরো পার্বত্য অঞ্চলের প্রতিনিধিত্বের সুযোগ তৈরি হয়েছে।
এদিকে, এই আসনে মনোনয়ন পেতে বান্দরবান থেকে আরও কয়েকজন মহিলা দলের নেত্রী মনোনয়ন সংগ্রহ করেছিলেন। তাদের মধ্যে ছিলেন উম্মে কুলসুম লীনা, আলীকদম উপজেলা মহিলা দলের নেত্রী শিরিন আক্তার এবং রুমা উপজেলা ভাইস চেয়ারম্যান উম্যাচিং মারমা।
তবে সম্প্রতি বিএনপিতে যোগ দেওয়া মাধবী মারমার নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় জেলা বিএনপির দুটি গ্রুপের নেতাকর্মীদের মধ্যে কিছুটা অসন্তোষের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। তারপরও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তার অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং পার্বত্য অঞ্চলের প্রতিনিধিত্বের বিষয়টি বিবেচনায় নিয়ে এই মনোনয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।









