তাঁবু জলসার মধ্যদিয়ে আনোয়ারায় স্কাউট সমাবেশ সম্পন্ন

মহা তাঁবু জলসার মধ্য দিয়ে সম্পন্ন হলো ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ। গত মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলার বরুমচড়া শহীদ বশরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ স্কাউটস আনোয়ারা উপজেলার আয়োজনে ও জাফর-আয়েশা ফাউন্ডেশনের সহযোগিতায় সনদ ও সম্মাননা স্মারক বিতরণের মাধ্যমে এ সমাবেশ শেষ হয়।
বাংলাদেশ স্কাউটস আনোয়ারা উপজেলার কমিশনার মোহাম্মদ ওসমান গণীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন নাজনীন নিজাম, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ইন্সট্রাক্টর মোঃ আবদুল মতিন চৌধুরী, শিক্ষাবিদ কামরুদ্দিন চৌধুরী, জাফর-আয়েশা ফাউন্ডেশনের চেয়ারম্যান আশরাফ উদ্দিন সিকদার ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবির আনসার প্রমুখ।
সমাবেশে সঞ্চালনা করেন উপজেলা স্কাউটসের সম্পাদক সঞ্জিব সিংহ ও মো রাশেল। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মহা তাঁবু জলসার সঞ্চালনা করেন, চট্টগ্রাম জেলা স্কাউটস এর সম্পাদক মো সেলিম।
প্রধান অতিথির বক্তব্যে নাজনীন নিজাম বলেন, স্কাউটিং শুধু একটি সহশিক্ষা কার্যক্রম নয়, এটি একটি জীবনদর্শন। এর মাধ্যমে শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও দেশপ্রেম জাগ্রত হয়, যা একজন শিক্ষার্থীকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।
জাফর-আয়েশা ফাউন্ডেশনের চেয়ারম্যান আশরাফ উদ্দিন সিকদার বলেন, পৃথিবীতে সফল মানুষেরা স্কাউটস থেকে এসেছে, নেতৃত্বের প্রথম ধাপ স্কাউটিং। এই মাঠে ৫ দিনে তোমরা যে শিক্ষা অর্জন করেছ নিজ নিজ বিদ্যালয়ে গিয়ে সহপাঠীদের তা শেখাবে। মনে রাখবে এখানে যা শিখেছ তা তোমাদের জীবনের শ্রেষ্ঠ অর্জন।
জানা গেছে, সবশেষ ২০১১ সালে আনোয়ারা উপজেলায় ৫ম স্কাউট সমাবেশ অনুষ্টিত হয় আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ে। এরপর দীর্ঘ ১৫ বছর পর এ ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ‘যোগ্য নেতৃত্বের জন্য স্কাউটিং’ প্রতিপাদ্যে এবং শৃঙ্খলা, নেতৃত্ব, ভ্রাতৃত্ববোধ ও দেশপ্রেমে জাগ্রত করার লক্ষ্যে উপজেলার মাধ্যমিক স্তরের ২২টি প্রতিষ্ঠানের ২শ ৮০জন স্কাউট সদস্য ও ইউনিট লিডারদের অংশ গ্রহণে এ সমাবেশে তাঁবুকলা, হাইকিং, কুচকাওয়াজ, মহা তাঁবুজলসা, উদ্ধার কার্যক্রম ও বিভিন্ন দক্ষতা প্রশিক্ষণ গ্রহণসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্কাউট সদস্যদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে উদ্বুদ্ধ করা হয়। এসব কর্মসূচিতে স্কাউট সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
সমাপনী দিবসে মহা তাঁবু জলসা, ক্যাম্প ফায়ারিং ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ১ম স্থান অধিকার করেন বখতিয়ার পাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়, ২য় স্থান বরুমচড়া শহীদ বশরুজ্জামান উচ্চ বিদ্যালয় ও ৩য় স্থান সিইউএফ স্কুল এন্ড কলেজ।






