টানা ভারী বর্ষণে লামায় হারেস মাল্টি ফার্মের বাঁধ ভেঙে কোটি টাকার ক্ষয়ক্ষতি
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

টানা ভারী বর্ষণে লামায় হারেস মাল্টি ফার্মের বাঁধ ভেঙে কোটি টাকার ক্ষয়ক্ষতি

টানা ভারী বর্ষণে লামায় হারেস মাল্টি ফার্মের বাঁধ ভেঙে কোটি টাকার ক্ষয়ক্ষতি
ছবি সংগৃহীত।

​বান্দরবানের লামা উপজেলায় টানা ভারী বর্ষণ ও ভয়াবহ পাহাড়ি ঢলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। উপজেলার ৫নং সরই ইউনিয়নের ধুইল্যা পাড়া এলাকায় অবস্থিত ‘হারেস মাল্টি ফার্ম’এর তিনটি বড় মৎস্য প্রজেক্টের বাঁধ ভেঙে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। পাহাড়ি ঢলের তোড়ে ভেসে গেছে প্রজেক্টের বিপুল পরিমাণ মাছ।

​সোমবার( ১৩ জুলাই) সরেজমিনে পরিদর্শনে গিয়ে দেখা যায়, গত কয়েকদিনের টানা অতিবৃষ্টির কারণে সৃষ্ট পাহাড়ি ঢলে সরই ইউনিয়নের বিভিন্ন এলাকার সড়ক, সেতু, শিক্ষাপ্রতিষ্ঠান ও মৎস্য প্রজেক্ট প্লাবিত হয়। 
ঢলের পানির তীব্র স্রোতে ধুইল্যা পাড়া এলাকার হারেস মাল্টি ফার্মের ১৫ একর জায়গাজুড়ে বিস্তৃত তিনটি প্রজেক্টের বাঁধ সম্পূর্ণ ভেঙে যায়। এতে প্রজেক্টে থাকা প্রায় ৯০ লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির মাছ মুহূর্তের মধ্যে ভেসে যায়। এছাড়া বাঁধের অবকাঠামোগত ভাঙনে আরও লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে, যার ফলে সব মিলিয়ে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে গেছে।

​আকস্মিক এই বিপর্যয়ে দিশেহারা হয়ে পড়েছেন খামারি। হারেস মাল্টি ফার্মের স্বত্বাধিকারী হারেস কোম্পানি বলেন, “টানা ভারী বর্ষণ আর পাহাড় থেকে নেমে আসা ঢলের তীব্র স্রোতে আমার স্বপ্নের মৎস্য প্রজেক্টের বাঁধগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। চোখের সামনে কোটি টাকার মাছ ভেসে গেল।৭০ লক্ষ টাকা ব্যাংক লোন নিয়ে আমি এই প্রজেক্ট দাড় করিয়েছি এই মুহূর্তে আমি সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছি।” ভাঙনকবলিত প্রজেক্টের বাঁধগুলো দ্রুত সংস্কার এবং এই বিপুল ক্ষতি কাটিয়ে উঠতে প্রশাসনের কাছে জরুরি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তিনি বিনীত অনুরোধ জানান তিনি।

​এদিকে পাহাড়ি ঢলে ইউনিয়নের গ্রামীণ রাস্তাঘাট ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থানীয় বাসিন্দাদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ক্ষতিগ্রস্ত চাষিকে সরকারিভাবে সহায়তা প্রদান এবং দ্রুত বাঁধ মেরামতের উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

লামা উপজেলা মৎস কর্মকর্তা মো.আসাদুজ্জামান জানান,হারেস মাল্টি ফার্মে ৯৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির তথ্য পেয়েছি, ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের জন্য যদি বরাদ্দ পাওয়া যায়, তবে ক্ষতির পরিমাণ বিবেচনা করে সহযোগিতা করা হবে।




কচ্ছপিয়ায় ডাকাতি: কৃষককে মারধর করে টাকা-স্বর্ণ লুট, গুলি ফুটিয়ে পালিয়েছে ডাকাত দল

কচ্ছপিয়ায় ডাকাতি: কৃষককে মারধর করে টাকা-স্বর্ণ লুট, গুলি ফুটিয়ে পালিয়েছে ডাকাত দল
ছবি সংগৃহীত।

কক্সবাজারের রামুর কচ্ছপিয়ায় এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের রড ও দা'র উল্টো পিঠের আঘাতে আহত হন কৃষক মো. ইসমাঈল (৩৫) ও তাঁর স্ত্রী।

বুধবার (২২ জুলাই) গভীর রাত আড়াইটার দিকে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের শহরআলীর চর গ্রামের মোহাম্মদ ইসমাইলের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ৭-৮ জন ডাকাত অংশ নেয়।

তারা কৃষক ইসমাঈলের বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ১৫ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে। এমনকি কৃষককে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁর কোলের শিশুকে বিছানায় শুইয়ে জবাই করতেও উদ্যত হয় ডাকাত দল। ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে কৃষক ইসমাঈল এ প্রতিবেদকের কাছে অকপটে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাড়ির সবকিছু লুট করে চলে যাওয়ার সময় ডাকাতদল তাঁর বাড়ি থেকে ৩০ ফুট দূরে গিয়ে পরপর দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।

ইসমাইল আক্ষেপ করে বলেন, তাঁদের এলাকায় পুলিশ কখনো টহল দেয় না। যদি মাঝে মাঝে পুলিশি টহল থাকত, তবে ডাকাত দল অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে ডাকাতি করার সাহস পেত না। তিনি এখন নিঃস্ব।

বর্তমানে এই ইউনিয়নের শহরআলীর চর, নাপিতের চর, ডেইংগার চর, ডাকভাঙ্গা ও আশপাশের মানুষ চরম আতঙ্কে রয়েছে।




লামায় বোনের পালিয়ে বিয়ের ক্ষোভে ভাইয়ের আত্মহত্যা

লামায় বোনের পালিয়ে বিয়ের ক্ষোভে ভাইয়ের আত্মহত্যা
ছবি সংগৃহীত।

বান্দরবানের লামা উপজেলায় বোনের পালিয়ে বিয়ের খবর সহ্য করতে না পেরে মো. হাসান (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে লামা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান পাড়াস্থিত একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত মো. হাসান পটিয়া থানার কোলাগাঁও টেক (চর কানাই, ছবুর মার্কেট) এলাকার মনো মিয়ার ছেলে এবং মো. সোলাইমানের পালক পুত্র। তিনি দীর্ঘদিন ধরে পরিবারের সাথে লামা পৌরসভার চেয়ারম্যান পাড়ার আনোয়ারা বেগমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত হাসানের ছোট বোন মেহেরুন্নেসা (২০) পরিবারের অজান্তে স্থানীয় সাকিব নামের এক যুবকের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেন। ছোট বোনের এমন কাণ্ড মেনে নিতে না পেরে তীব্র ক্ষোভ ও অভিমানে হাসান নিজ বসতঘরের বাঁশের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।

খবর পেয়ে লামা থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল কবির সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ মরহুমের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়ছার হামিদ জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”




নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২

নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২
ছবি সংগৃহীত।

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিপুল পরিমাণ টাকাসহ ২ চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক।

বিজিবি সূত্র জানায়, সোমবার বিকেলে আটকের পর তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। মঙ্গলবার (২১ জুলাই) সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২ জনকে থানায় সোপর্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— ছুরত আলম (৩২) ও আমানুল্লাহ (৪০)। তাঁদের কাছ থেকে ১ লাখ ৬২ হাজার টাকা উদ্ধার করা হয়।

সূত্র আরও জানায়, আটক ব্যক্তিদের সীমান্তের ৫০ নম্বর পিলার এলাকা থেকে আটক করেছে ১১ বিজিবির আওতাধীন লেবুছড়ি বিওপির জওয়ানেরা।

১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, “বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী। যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড বিজিবি কঠোর হস্তে দমন করবে। এতে ছাড় দেওয়া হবে না।”