জীবিকার তাগিদে প্রবাসে গিয়ে লাশ হয়ে দেশে ফিরলেন ইসমাঈল, দাফন সম্পন্ন
জীবিকার তাগিদে কাতারে পাড়ি জমান চট্টগ্রামের মীরসরাইয়ের বাসিন্দা ইসমাঈল হোসেন (৩৬)। প্রবাসের আয় দিয়ে ভালোই চলছিল তার সংসার। গত ৩ জানুয়ারি কার্বন ডাই-অক্সাইড পয়জমে আক্রান্ত হয়ে অক্সিজেন স্বল্পতায় মারা যান তিনি। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে কফিন হয়ে দেশে ফিরেছেন ইসমাঈলের নিথর দেহ।
ইসমাঈল মীরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পালগ্রাম এলাকার দরবেশ আলী ভূঁইয়া বাড়ির বাসিন্দা মরহুম মাওলানা অলী আহমদের ৫ম ছেলে ও মীরসরাই প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইউসুফের বড় ভাই। বৃহস্পতিবার বিকালে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়েছে।
জানাযায় উপস্থিত ছিলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট সাইফুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, সাবেক আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী, মীরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, মিঠাছরা বাজার কমিটির আহবায়ক কামাল উদ্দিন, দুর্গাপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন।
সাংবাদিক ইউসুফ জানান, আমার ভাই মোহাম্মদ ইসমাঈল দীর্ঘদিন ধরে কাতারে রয়েছেন। গত ৩ জানুয়ারি রাতে কার্বন ডাই-অক্সাইড পয়জমে আক্রান্ত হয়ে অক্সিজেন স্বল্পতায় তিনি অজ্ঞান হয়ে যান। পরবর্তী তাঁকে হাসপাতালে ভর্তি করানো হলে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। দুইদিন তার মোবাইল বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে মালিকের সাথে যোগাযোগ করলে অসুস্থতা এবং মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার দুপুরে মরদেহ বাড়ি নিয়ে আসা হয়। বিকেলে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। পারিবারিক জীবনে সে তিন সন্তানের জনক ছিলো।
মীরসরাই সমিতির কাতারের সাধারণ সম্পাদক এনকে টিপু জানান, প্রবাসী মোঃ ইসমাঈলের লাশ সমিতির উদ্যোগে বাংলাদেশ দুতাবাস কাতারের মাধ্যমে বৃহস্পতিবার দেশে পাঠানো হয়েছে। এরআগে বুধবার যোহরের নামাজের পর মরহুমের প্রথম জানাযা কাতারের মিসামিরে জাতীয় কবরস্থান মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।











