লামায় জমি বিরোধে বৈঠক, সমঝোতায় কোয়ান্টাম ও গফুর ম্যানেজার
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

লামায় জমি বিরোধে বৈঠক, সমঝোতায় কোয়ান্টাম ও গফুর ম্যানেজার

লামায় জমি বিরোধে বৈঠক, সমঝোতায় কোয়ান্টাম ও গফুর ম্যানেজার
ছবি সংগৃহীত।

বান্দরবানের লামা থানায় কোয়ান্টাম ফাউন্ডেশন এবং আব্দুল গফুরের মধ্যে কোয়ান্টাম বৃদ্ধাশ্রমের জায়গা নিয়ে চলমান সীমানা বিরোধ নিরসনে একটি জরুরি শালিসী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৯ জুন) লামা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে বিকাল ৩ টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

​বৈঠকে লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাসুম সরদার এবং লামা থানার সেকেন্ড অফিসার (এসআই)নাসির উদ্দিন উপস্থিত থেকে উভয় পক্ষের বক্তব্য শোনেন ও বিস্তারিত আলোচনা করেন।

​এতে কোয়ান্টাম ফাউন্ডেশনের পক্ষে প্রতিনিধিত্ব করেন অ্যাডভোকেট ফয়সাল আজিজ, পারভেজ মাসুদ, আসাদুজ্জামান খান, সাজেদুর রহমান, মনোয়ার হোসেন ও হাবিবুর রহমান। অপরদিকে আব্দুল গফুরের পক্ষে উপস্থিত ছিলেন কামাল উদ্দিন (রাবার কামাল), আব্দুল গফুর, জয়নাল আবেদীন (জানু মেম্বার), আনোয়ার হোসেন (কালা আনোয়ার), গিয়াস উদ্দিন (সরদার) এবং রফিকুল ইসলাম।

​দীর্ঘ আলোচনার পর উভয় পক্ষের সম্মতিতে এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ৪টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় স্থিতাবস্থা বজায় রাখা বর্তমানে কোনো পক্ষই নতুন করে কোনো সীমানা নির্ধারণ বা নতুন কাঠামো তৈরি করতে পারবে না। যে যার বর্তমান জায়গার সীমানা অনুযায়ী স্থিতাবস্থা বজায় রাখবেন এবং এলাকায় একটি সৌহার্দ্যপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবেন। 

কোয়ান্টাম ফাউন্ডেশনকে হেয় প্রতিপন্ন করে টানানো সব ধরনের আপত্তিকর ও উসকানিমূলক ব্যানার অবিলম্বে অপসারণ করা হবে। এলাকার পরিস্থিতি পুরোপুরি শান্ত হওয়ার পর উভয় পক্ষ যৌথভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে সরকারি সার্ভেয়ারের জন্য আবেদন করবেন। পরবর্তীতে সরকারি সার্ভেয়ার এসে মূল কাগজপত্র ও দলিল অনুযায়ী বিরোধপূর্ণ জায়গা পরিমাপ করে চূড়ান্ত সীমানা নির্ধারণ করে দেবেন। উভয় পক্ষই কর্তৃপক্ষের সেই সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য থাকবেন। সার্কেল এএসপি মহোদয় উপস্থিত জয়নাল আবেদীন (জানু মেম্বার)-কে আপত্তিকর ব্যানার অপসারণ এবং জায়গা পরিমাপের বিষয়ে উভয় পক্ষের মধ্যে সমন্বয় ও মধ্যস্থতার দায়িত্ব অর্পণ করেন।

​বৈঠক শেষে উভয় পক্ষের প্রতিনিধিরা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দেন।




কচ্ছপিয়ায় ডাকাতি: কৃষককে মারধর করে টাকা-স্বর্ণ লুট, গুলি ফুটিয়ে পালিয়েছে ডাকাত দল

কচ্ছপিয়ায় ডাকাতি: কৃষককে মারধর করে টাকা-স্বর্ণ লুট, গুলি ফুটিয়ে পালিয়েছে ডাকাত দল
ছবি সংগৃহীত।

কক্সবাজারের রামুর কচ্ছপিয়ায় এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের রড ও দা'র উল্টো পিঠের আঘাতে আহত হন কৃষক মো. ইসমাঈল (৩৫) ও তাঁর স্ত্রী।

বুধবার (২২ জুলাই) গভীর রাত আড়াইটার দিকে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের শহরআলীর চর গ্রামের মোহাম্মদ ইসমাইলের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ৭-৮ জন ডাকাত অংশ নেয়।

তারা কৃষক ইসমাঈলের বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ১৫ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে। এমনকি কৃষককে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁর কোলের শিশুকে বিছানায় শুইয়ে জবাই করতেও উদ্যত হয় ডাকাত দল। ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে কৃষক ইসমাঈল এ প্রতিবেদকের কাছে অকপটে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাড়ির সবকিছু লুট করে চলে যাওয়ার সময় ডাকাতদল তাঁর বাড়ি থেকে ৩০ ফুট দূরে গিয়ে পরপর দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।

ইসমাইল আক্ষেপ করে বলেন, তাঁদের এলাকায় পুলিশ কখনো টহল দেয় না। যদি মাঝে মাঝে পুলিশি টহল থাকত, তবে ডাকাত দল অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে ডাকাতি করার সাহস পেত না। তিনি এখন নিঃস্ব।

বর্তমানে এই ইউনিয়নের শহরআলীর চর, নাপিতের চর, ডেইংগার চর, ডাকভাঙ্গা ও আশপাশের মানুষ চরম আতঙ্কে রয়েছে।




লামায় বোনের পালিয়ে বিয়ের ক্ষোভে ভাইয়ের আত্মহত্যা

লামায় বোনের পালিয়ে বিয়ের ক্ষোভে ভাইয়ের আত্মহত্যা
ছবি সংগৃহীত।

বান্দরবানের লামা উপজেলায় বোনের পালিয়ে বিয়ের খবর সহ্য করতে না পেরে মো. হাসান (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে লামা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান পাড়াস্থিত একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত মো. হাসান পটিয়া থানার কোলাগাঁও টেক (চর কানাই, ছবুর মার্কেট) এলাকার মনো মিয়ার ছেলে এবং মো. সোলাইমানের পালক পুত্র। তিনি দীর্ঘদিন ধরে পরিবারের সাথে লামা পৌরসভার চেয়ারম্যান পাড়ার আনোয়ারা বেগমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত হাসানের ছোট বোন মেহেরুন্নেসা (২০) পরিবারের অজান্তে স্থানীয় সাকিব নামের এক যুবকের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেন। ছোট বোনের এমন কাণ্ড মেনে নিতে না পেরে তীব্র ক্ষোভ ও অভিমানে হাসান নিজ বসতঘরের বাঁশের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।

খবর পেয়ে লামা থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল কবির সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ মরহুমের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়ছার হামিদ জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”




নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২

নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২
ছবি সংগৃহীত।

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিপুল পরিমাণ টাকাসহ ২ চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক।

বিজিবি সূত্র জানায়, সোমবার বিকেলে আটকের পর তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। মঙ্গলবার (২১ জুলাই) সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২ জনকে থানায় সোপর্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— ছুরত আলম (৩২) ও আমানুল্লাহ (৪০)। তাঁদের কাছ থেকে ১ লাখ ৬২ হাজার টাকা উদ্ধার করা হয়।

সূত্র আরও জানায়, আটক ব্যক্তিদের সীমান্তের ৫০ নম্বর পিলার এলাকা থেকে আটক করেছে ১১ বিজিবির আওতাধীন লেবুছড়ি বিওপির জওয়ানেরা।

১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, “বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী। যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড বিজিবি কঠোর হস্তে দমন করবে। এতে ছাড় দেওয়া হবে না।”