জমজম ট্রমা সেন্টারের শুভ উদ্বোধন: চকরিয়ায় আধুনিক চিকিৎসা সেবায় নতুন দিগন্ত

কক্সবাজারের চকরিয়ায় আধুনিক চিকিৎসা সেবার নতুন সংযোজন হিসেবে “জমজম ট্রমা সেন্টার”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় জমজম হাসপাতাল পিএলসি’র উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ ট্রমা সেন্টারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুপায়ন দেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নুল আবেদীন।
প্রধান অতিথির বক্তব্যে রুপায়ন দেব বলেন, দুর্ঘটনার পরবর্তী ‘গোল্ডেন আওয়ার’ রোগীর জীবন রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। চকরিয়ায় দীর্ঘদিন ধরে একটি পূর্ণাঙ্গ ট্রমা সেন্টারের অভাব ছিল। জমজম ট্রমা সেন্টার সেই ঘাটতি পূরণ করে এই অঞ্চলের মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি হাসপাতালের আধুনিক সুযোগ-সুবিধা পরিদর্শন করেন এবং সেবার মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জমজম হাসপাতাল পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মোঃ আব্দুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ চেয়ারম্যান ও সিইও মোঃ গোলাম কবির, ফাইন্যানসিয়াল ডিরেক্টর জিএম রুকুন উদ্দিনসহ হাসপাতালের পরিচালকবৃন্দ।
আয়োজকরা জানান, সড়ক দুর্ঘটনা ও অন্যান্য জরুরি পরিস্থিতিতে আহত রোগীদের দ্রুত, আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে এই ট্রমা সেন্টার চালু করা হয়েছে। এখানে ২৪ ঘণ্টা জরুরি সেবা নিশ্চিত করতে থাকছে অভিজ্ঞ চিকিৎসক দল এবং অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম।
শুভ উদ্বোধন উপলক্ষে পুরো এপ্রিল মাসজুড়ে ‘বিশেষ সেবা মাস’ ঘোষণা করা হয়েছে। এ সময় বিভিন্ন চিকিৎসা সেবায় ৩০% থেকে ৪০% পর্যন্ত আকর্ষণীয় ছাড় প্রদান করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিকিৎসক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।







