চট্টগ্রামে জলাতঙ্ক-প্রতিরোধী টিকার সংকট, ভোগান্তিতে আক্রান্তরা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

চট্টগ্রামে জলাতঙ্ক-প্রতিরোধী টিকার সংকট, ভোগান্তিতে আক্রান্তরা

চট্টগ্রামে জলাতঙ্ক-প্রতিরোধী টিকার সংকট, ভোগান্তিতে আক্রান্তরা
ছবি সংগৃহীত।

ট্টগ্রামে উদ্বেগজনক হারে বাড়ছে কুকুর ও বিড়ালসহ বিভিন্ন প্রাণীর কামড় ও আঁচড়ে আক্রান্তের সংখ্যা। কামড় বা আঁচড়ের পর জলাতঙ্ক রোগ এড়াতে গত পাঁচ বছরে এ জেলায় ভ্যাকসিন গ্রহণকারীর সংখ্যা বেড়েছে প্রায় চার গুণ।

সম্প্রতি স্থানীয় সরকারি হাসপাতালগুলেতে এ টিকার সংকট দেখা দিয়েছে। ফলে টিকার উচ্চমূল্য মেটাতে গিয়ে দিশেহারা হচ্ছেন সাধারণ মানুষ। শহর থেকে গ্রামে, সর্বত্র কুকুরের কামড় ও আঁচড়জনিত ঘটনা বাড়ছে। বিপরীতে স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে টিকা না পেয়ে ভোগান্তিতে পড়ছেন আক্রান্তরা।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২১ সালে যেখানে ৫ হাজার ১৬৯ জন এমন আক্রান্ত চিকিৎসা নিয়েছেন, ২০২৫ সালে তা বেড়ে ৭ হাজার ৬৩ জনে দাঁড়িয়েছে। চলতি ২০২৬ সালের প্রথম চার মাসে (জানুয়ারি থেকে এপ্রিল) আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৫২ জন।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের পরিসংখ্যান বলছে, কুকুরে কামড়ে আক্রান্ত রোগীর বাড়তি চাপের কারণে গত পাঁচ বছরে সেখানে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন গ্রহণকারীর সংখ্যা প্রায় চার গুণ বেড়েছে। অনেক রোগী সরকারি হাসপাতালে জায়গা না পেয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন।  

চট্টগ্রাম শহরের বাইরে গ্রামীণ ও উপকূলীয় জনপদে এখন কুকুর-বিড়ালের কামড় বা আঁচড়ের সংখ্যা বাড়ছে। উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে উদ্বেগজনক চিত্র দেখা গেছে সীতাকুণ্ডে, যেখানে গত পাঁচ বছরে আক্রান্তের সংখ্যা ৮৯ থেকে বেড়ে ৩৬৪ জনে দাঁড়িয়েছে, যা শতকরা হিসাবে ৩০৮ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি। একই সময়ে বাঁশখালীতে আক্রান্তের সংখ্যা ১ হাজার ২১৬ থেকে বেড়ে ২ হাজার ২১৬ জনে এবং পটিয়ায় ২২০ থেকে বেড়ে ৩৯২ জনে পৌঁছেছে। উপকূলীয় অঞ্চল সন্দ্বীপেও আক্রান্তের হার ৫২ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, কুকুরের পাশাপাশি বিড়াল, শিয়ালসহ অন্যান্য প্রাণীর মাধ্যমেও জলাতঙ্ক ছড়াতে পারে। সাম্প্রতিক সময়ে বাসাবাড়িতে পোষা প্রাণী, বিশেষ করে কুকুর ও বিড়াল পালনের প্রবণতা বেড়েছে। কিন্তু অনেক ক্ষেত্রেই নিয়মিত টিকাদান ও যথাযথ পরিচর্যার অভাবে এসব প্রাণীর আক্রমণে মানুষ জলাতঙ্কের ঝুঁকিতে পড়ছেন। তাই পোষা প্রাণীর নিয়মিত টিকাদান এবং আক্রান্ত হলে দ্রুত চিকিৎসা নেওয়ার ওপর গুরুত্বারোপ করছেন বিশেষজ্ঞরা।

চিকিৎসকরা জানান, অনেকেই প্রথমে বিষয়টিকে গুরুত্ব না দিয়ে স্থানীয় চিকিৎসা বা ঝাড়ফুঁকের ওপর নির্ভর করেন। ফলে হাসপাতালে আসতে দেরি হওয়ায় মৃত্যুঝুঁকি বেড়ে যায়। একবার জলাতঙ্কের উপসর্গ (ক্লিনিক্যাল লক্ষণ) দেখা দিলে অধিকাংশ ক্ষেত্রেই রোগীকে বাঁচানো সম্ভব হয় না। অবশ্য চট্টগ্রামে সাম্প্রতিক অতীতে জলাতঙ্কে মৃত্যুর রেকর্ড নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক পরিসংখ্যানে দেখা গেছে, বাংলাদেশে বর্তমানে প্রায় ১৬ লাখ ৬৮ হাজার কুকুর রয়েছে। প্রতি বর্গকিলোমিটারে কুকুরের গড় ঘনত্ব ১২ দশমিক ৮৩টি।

বিশেষজ্ঞদের মতে, কুকুরের উচ্চ ঘনত্বের কারণেই মানুষ ও কুকুরের সংস্পর্শ এবং কামড়ের ঘটনা বাড়ছে।

আন্তর্জাতিক চিকিৎসাবিজ্ঞান সাময়িকী ‘দ্য ল্যানসেট রিজিওনাল হেলথ-সাউথইস্ট এশিয়া’-তে ২০২৪ সালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, কুকুরের গণ-টিকাদান ও মানুষের মধ্যে প্রতিষেধক ব্যবহারের হার বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যমাত্রা অর্জনের পথে রয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনও গত ১০ জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশনে দাবি করেছেন, দেশে ভ্যাকসিনের কোনো সংকট নেই। তিনি জানান, ইতোমধ্যে সারা দেশে ৫ লাখ ৫৮ হাজার ৭০০ ডোজ অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে এবং প্রয়োজনে আরও সরবরাহের প্রস্তুতি রয়েছে।


তবে মন্ত্রীর এই আশ্বাসের বিপরীতে মাঠপর্যায়ে ভিন্ন চিত্র দেখা গেছে। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার দৌলতপুর এলাকায় দুটি কুকুরের কামড়ে গত ১ ও ২ জুন নারী ও শিশুসহ ১৯ জন আহত হন। আক্রান্তদের মধ্যে ৫ জন স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিলেও বাকি ১৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে হয়।

আক্রান্তদের স্বজনদের অভিযোগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিনের তীব্র সংকট থাকায় তাদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। টিকার প্রয়োজনীয় মজুত না থাকায় বাধ্য হয়েই তাদের দূরবর্তী হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হয়েছে।

স্থানীয় বাসিন্দা হাসানুল করিম ক্ষোভ প্রকাশ করে বলেন, গত দুই দিনে এলাকায় দুটি কুকুরের কামড়ে ১৯ জন আহত হলেও সরকারি হাসপাতালে কোনো ভ্যাকসিন পাওয়া যায়নি, যা অত্যন্ত দুঃখজনক। এই সংকটের কারণে আহতদের কয়েকজনকে বাধ্য হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হয়েছে।

সূত্রে জানা গেছে, সরকারি সরবরাহ ছাড়াও বেশ কয়েকটি বেসরকারি কোম্পানি দেশে রেবিস ভ্যাকসিন বাজারজাত করছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, সিনোভিয়া ফার্মা পিএলসি (সানোফি বাংলাদেশ)-এর ভেরোর‍্যাব, পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের র‍্যাবিভ্যাক্স, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের র‍্যাবিক্স-ভিসি এবং নোভার্টিস বাংলাদেশ লিমিটেডের র‍্যাবিপুর। এসব ব্র্যান্ডের মধ্যে ভেরোর‍্যাব অন্যতম দামি ভ্যাকসিন হলেও র‍্যাবিভ্যাক্স ও র‍্যাবিক্স-ভিসি তুলনামূলক কম দামে পাওয়া যায়। এমনকি কিছু অনলাইন ফার্মেসিতে ডিসকাউন্ট মূল্যে ভেরোর‍্যাব প্রায় ৮৩৮ থেকে ৮৫০ টাকায় বিক্রি হতেও দেখা গেছে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, মন্ত্রণালয়ের নির্ধারিত সরবরাহের বাইরেও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অতিরিক্ত ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, উপজেলা পর্যায়ে রোগীর চাপ ও প্রয়োজনের ধরন ভিন্ন হওয়ায় ভ্যাকসিনের স্থানীয় চাহিদা একেক এলাকায় একেক রকম হয়ে থাকে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, স্থানীয় চাহিদা বিবেচনায় জেলার ১৫টি উপজেলায় জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে। এর মধ্যে ফটিকছড়ি ও পটিয়ায় সর্বোচ্চ ৯০টি করে এবং হাটহাজারী, রাঙ্গুনিয়া, চন্দনাইশ ও সাতকানিয়ায় ৭০টি করে ভ্যাকসিন দেওয়া হয়েছে। এছাড়া মিরসরাই, সীতাকুণ্ড ও বাঁশখালীতে ৮০টি করে; রাউজান, আনোয়ার ও লোহাগাড়ায় ৬০টি করে; সন্দ্বীপ ও বোয়ালখালীতে ৫০টি এবং কর্ণফুলী উপজেলায় ২০টি ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে।

এদিকে জলাতঙ্ক প্রতিরোধে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নগরজুড়ে মানবিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে পথকুকুরকে টিকাদান কার্যক্রম চালাচ্ছে। চলতি বছরে ৪১টি ওয়ার্ডে পর্যায়ক্রমে ১৫ হাজারের বেশি পথকুকুরকে এই টিকার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সংস্থাটি কুকুর নিধনের পরিবর্তে এই আধুনিক সুরক্ষা ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।

নগরের বাইরেও ১৫টি উপজেলায় স্বাস্থ্য অধিদপ্তরের সিডিসি টিমের তত্ত্বাবধানে টিকাদান কর্মসূচি পরিচালিত হচ্ছে। ইতোমধ্যে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে প্রথম দফার কার্যক্রমের মাধ্যমে গড়ে লক্ষ্যমাত্রার প্রায় ৭০ শতাংশ কুকুরকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে চসিক।  

আনোয়ারা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সমরঞ্জন বড়ুয়া  বলেন, ‘পালিত কুকুর ও বিড়ালকে টিকা দেওয়ার বিষয়ে আমরা মানুষকে উৎসাহিত করছি। পাশাপাশি বেওয়ারিশ কুকুরকেও ভ্যাকসিনের আওতায় আনার চেষ্টা চলছে। তবে শতভাগ কভারেজ নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। সরকারিভাবে সব হিংস্র প্রাণীকে টিকার আওতায় আনা গেলে জলাতঙ্ক নির্মূল করা সম্ভব হবে।’

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমাম হোসেন রানা  বলেন, ‘বেওয়ারিশ কুকুরকে নিয়মিত টিকাদানের আওতায় আনতে চসিক কাজ করছে। তবে জনবল ও অন্যান্য সীমাবদ্ধতার কারণে কাঙ্ক্ষিত মাত্রায় কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। প্রতি ছয় মাস অন্তর এসব কুকুরকে টিকা দেওয়া গেলে জলাতঙ্ক নিয়ন্ত্রণে তা অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, ‘জলাতঙ্ক নির্মূলে কুকুরের পাশাপাশি বিড়াল, শিয়াল ও অন্যান্য হিংস্র প্রাণীকেও পর্যায়ক্রমে টিকাদানের আওতায় আনতে হবে। প্রাণিসম্পদ বিভাগ, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও জনসাধারণের সমন্বিত উদ্যোগ ছাড়া এই রোগ নির্মূল করা সম্ভব নয়।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, চট্টগ্রামে বছরে আনুমানিক ৩৫ থেকে ৪০ হাজার মানুষ রেবিস প্রতিরোধী টিকা গ্রহণ করেন। একজন রোগীর সাধারণত তিন থেকে চারটি ডোজ প্রয়োজন হয়। ফলে বছরে মোট চাহিদা এক লাখেরও বেশি ডোজে পৌঁছায়।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চট্টগ্রামে বছরে প্রায় এক থেকে দেড় লাখ ডোজ ভ্যাকসিনের প্রয়োজন হয়।

চট্টগ্রাম জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০২৫ সালে সেখানে ২৩ হাজার ৯৮৩ জনকে রেবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে। একই সময়ে ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে প্রায় ১৩ হাজার মানুষ এই টিকা নিয়েছেন। ২০২৫ সালের এক প্রতিবেদনে বলা হয়, শুধু চট্টগ্রাম জেনারেল হাসপাতালেই মাসিক চাহিদা প্রায় দুই হাজার ভায়াল হলেও সরবরাহ পাওয়া যায় মাত্র ৩০০ থেকে ৫০০ ভায়াল।

চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর  বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ বিভাগের সমন্বয়ে সরকার জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিন প্রকল্প বাস্তবায়ন করছে। চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ১৫ হাজার কুকুরকে টিকা দেওয়া হয়েছে। জেলার কয়েকটি উপজেলাতেও এই কার্যক্রম পরিচালিত হয়েছে। সব কুকুর এবং জলাতঙ্ক ছড়াতে পারে এমন প্রাণীকে টিকার আওতায় আনতে পারলে রোগটি নির্মূল করা সম্ভব।’

চট্টগ্রাম জেলা ডেপুটি সিভিল সার্জন তৌহিদুল আনোয়ার  বলেন, ‘বেওয়ারিশ কুকুরের সংখ্যা বৃদ্ধি এবং টিকাদান কর্মসূচির আওতায় শতভাগ কুকুরকে না আনতে পারাই আক্রান্ত বৃদ্ধির অন্যতম কারণ। জলাতঙ্ক এমন একটি রোগ, যার উপসর্গ দেখা দিলে প্রায় শতভাগ ক্ষেত্রেই মৃত্যু ঘটে। তাই প্রতিরোধই একমাত্র উপায়। সরকার স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়াচ্ছে এবং হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। ভবিষ্যতে চাহিদা পূরণ করা গেলে সরকারি হাসপাতালে যে কেউ যে কোনো সময় ভ্যাকসিন পাবেন। এ নিয়ে হয়রানির কোনো সুযোগ থাকবে না।’

 




চট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার, চক্রের তিন সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার, চক্রের তিন সদস্য গ্রেপ্তার
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের দুই দিনের মাথায় সাত বছর বয়সী এক শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি ও শিল্পাঞ্চল) রাসেল এই তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রাকিব (২২), মো. ফয়সাল (৩২) ও মো. জাহাঙ্গীর আলম (৫৫)।

পুলিশ জানায়, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পশ্চিম সরফভাটা ইমাম আজম আবু হানিফা (রহ.) স্কুলের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ওয়াসিফা জান্নাত তাসকিন (৭) গত ২০ জুলাই সকালে বিদ্যালয়ে যায়। স্কুল ছুটির পর বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

পরে শিশুটির এক সহপাঠী জানায়, এক ব্যক্তি নিজেকে সিএনজি চালক পরিচয় দিয়ে তাসকিনকে বলে, তার বাবা হাসপাতালে ভর্তি আছেন এবং তাকে বাবার কাছে নিয়ে যাওয়ার জন্য পাঠানো হয়েছে। এই প্রতারণামূলক কৌশলে শিশুটিকে সিএনজিতে তুলে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় শিশুটির বাবা দেলোয়ার হোসেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে আসামি করে মামলা করেন। এরপর পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানার সমন্বয়ে একাধিক দল উদ্ধার অভিযান শুরু করে।

পুলিশ জানায়, অভিযানের শুরুতে অপহরণকারীদের কোনো অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য ছিল না। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তা, বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং ধারাবাহিক গোয়েন্দা নজরদারির মাধ্যমে অপহরণকারীদের গতিবিধি শনাক্ত করা হয়। অভিযান চালিয়ে শেষ পর্যন্ত তিন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয় এবং তাদের হেফাজত থেকেই অপহৃত শিশু ওয়াসিফা জান্নাত তাসকিনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় অপহরণে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেপ্তার ফয়সাল ভুক্তভোগী শিশুর বাবার মামাতো ভাই। তিনি পূর্বপরিকল্পিতভাবে শিশুটিকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করেন। এ কাজে তিনি পরিচিত দুই সিএনজি চালককে সম্পৃক্ত করেন এবং মুক্তিপণের টাকা ভাগ করে দেওয়ার আশ্বাস দেন।

গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।




মাদক-কিশোর গ্যাং দমনে কঠোর হওয়ার নির্দেশ সিএমপি কমিশনারের

মাদক-কিশোর গ্যাং দমনে কঠোর হওয়ার নির্দেশ সিএমপি কমিশনারের
ছবি সংগৃহীত।

চুরি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আরও কার্যকর অভিযান পরিচালনার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সব ইউনিটকে কঠোর নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে নগরের দামপাড়া পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত সিএমপির জুলাই-২০২৬ মাসের মাসিক কল্যাণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

সভায় পুলিশ কমিশনার বলেন, সিএমপির প্রতিটি সদস্যকে সততা, নিষ্ঠা, কর্তব্যপরায়ণতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে চুরি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং প্রতিরোধে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

এদিকে সভায় আন্তর্জাতিক অঙ্গনে কৃতিত্ব অর্জনের জন্য কনস্টেবল মো. জাকির হোসেন জনিকে সম্মাননা ও পুরস্কার প্রদান করেন পুলিশ কমিশনার। তিনি মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ২য় এশিয়ান প্যারা থ্রোবল চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ রেফারি হিসেবে দায়িত্ব পালন করে সনদ অর্জন করেন।

এছাড়া ভারতের ঝাড়খণ্ডের রাঁচিতে অনুষ্ঠিত ২য় সাউথ এশিয়ান থ্রোবল চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ খেলোয়াড় হিসেবে অংশ নিয়ে বাংলাদেশ দলের হয়ে দ্বিতীয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেন।
সভায় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া (অতিরিক্ত ডিআইজি), উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন    স্তরের পুলিশ সদস্যরা।




হোটেলে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

হোটেলে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
ছবি সংগৃহীত।

নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় একটি আবাসিক হোটেলে স্ত্রী শাহনাজ বেগমকে (২২) হত্যার দায়ে স্বামী মো. নেজাম উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২১ জুলাই) চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো.তাজউল ইসলামের আদালত এই রায় দেন।

আদালতের বেঞ্চ সহকারী এস এম কাওসার সাগর বলেন, নয়জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত স্ত্রী হত্যার দায়ে আসামি মো. নেজাম উদ্দিনকে দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ের সময় আসামি উপস্থিত ছিলেন।

পরে সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১১ সালে পটিয়া উপজেলার মৃত কবির আহমদের ছেলে মো. নেজাম উদ্দিনের সঙ্গে শাহনাজ বেগমের বিয়ে হয়।

বিয়ের পর শাহনাজ অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার কথা বলে ২০১২ সালের সেপ্টেম্বর মাসে তাকে পটিয়া থেকে চট্টগ্রাম নগরে নিয়ে আসেন নেজাম। তবে হাসপাতালে না নিয়ে নগরের বহদ্দারহাটের স্বজন সুপার মার্কেট সংলগ্ন হোটেল আল-রেজার ৩১৯ নম্বর কক্ষে ওঠেন তারা।
পরে ওই কক্ষ থেকেই শাহনাজের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের বাবা মো. আজগর আলী অভিযোগ করেন, তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনি চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ নেজাম উদ্দিনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।  ২০১৪ সালের ১৮ মার্চ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।