চকরিয়ায় মধ্যরাতে এগ্রো খামারে ডাকাতি, ৩৬টি ছাগল লুটের অভিযোগ

চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের বত্তাইল্লা পুকুর এলাকায় অবস্থিত মোহাম্মদীয়া এগ্রো অ্যান্ড কেটল ফার্ম নামের গবাদিপশু ও মৎস্য খামারে মধ্যরাতে ডাকাতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় খামারের দুই শ্রমিককে জিম্মি করে মারধর করা হয়েছে এবং ৩৬টি ছাগল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন খামার মালিক।
খামার মালিক মাওলানা হেদায়তুর রহমান জানান, রবিবার (১০ মে) রাত সাড়ে ১২টার দিকে একদল দুর্বৃত্ত খামারে প্রবেশ করে। তারা খামারের শ্রমিক জহিরুল ইসলাম (৫৩) ও মনোহর আলমকে (৫৫) হাত-পা ও মুখ বেঁধে মারধর করে জিম্মি করে রাখে। পরে খামার থেকে ৩৬টি ছাগল লুট করে নিয়ে যায়।
তিনি দাবি করেন, এ ঘটনায় তার প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খামারটি ঘিরে স্থানীয় কিছু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছিল বলেও জানান তিনি।
ঘটনার জন্য স্থানীয় নুরুল আমিন সওদাগর, নুরুল আসাদ নয়নসহ কয়েকজনকে সন্দেহ করছেন খামার মালিক।
মাওলানা হেদায়তুর রহমান বলেন, “আমার গবাদিপশু ও মৎস্য চাষে সাফল্য দেখে ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিতভাবে এ লুটপাট চালানো হয়েছে,এবং আমাকে হত্যার উদ্দেশ্য এই ঘটনা সংঘটিত করা হয়েছে । খামার উচ্ছেদের উদ্দেশ্যেই এ হামলা ও ডাকাতি সংঘটিত হয়েছে, আমি নিরাপত্তাহীনতায় ভোগছি । ৯৯৯ কল পেয়ে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোছাইন বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।







