চকরিয়ায় ডিএনসির ধাওয়া খেয়ে দুর্ঘটনা, নিহত ১: মিলল ৩০ হাজার ইয়াবা
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ধাওয়া খেয়ে ইয়াবাবাহী একটি মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ে একজন নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ঘটনাস্থল থেকে প্রায় ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার (২১ মে) বিকেলে খুটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি নুরুল হোসাইন মনু (৩৫) কক্সবাজার শহরের কুতুবদিয়া পাড়ার বাসিন্দা বলে জানা গেছে। আহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী একটি মোটরসাইকেলকে ধাওয়া করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম। ধাওয়া খেয়ে মোটরসাইকেলটি দ্রুতগতিতে পালানোর চেষ্টা করলে খুটাখালী এলাকায় এসে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি সড়কের পাশের খাদে ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং অপরজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর মোটরসাইকেলটিতে থাকা বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সড়কে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। এ সময় উৎসুক জনতার কয়েকজন ইয়াবার প্যাকেট কুড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে পুলিশ ও ডিএনসির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং তল্লাশি চালিয়ে প্রায় ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পুরো ঘটনাটি তদন্তাধীন রয়েছে। মাদক পাচারের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।







