চকরিয়ায় কৃত্রিম গ্যাস সংকট: লাইনে দাঁড়িয়ে ভোগান্তি, “বাতাস” ভরে টাকা নেওয়ার অভিযোগ

চকরিয়ায় কৃত্রিম গ্যাস সংকটের কারণে দিনমজুর সিএনজি চালকদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। একদিকে গভীর রাত পর্যন্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, অন্যদিকে গ্যাসের পরিবর্তে “বাতাস” ঢুকিয়ে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে কয়েকটি গ্যাস স্টেশনের বিরুদ্ধে।
সরেজমিনে দেখা যায়, বিভিন্ন সময়ে সকাল থেকে রাত পর্যন্ত গ্যাসের জন্য সিএনজি চালকদের দীর্ঘ লাইন পড়ে থাকে।
বিশেষ করে চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডে অবস্থিত খাজা ট্রেডিং গ্যাস স্টেশনে গিয়ে দেখা যায়, প্রতিদিন শত শত সিএনজি চালক লাইনে অপেক্ষা করছেন। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও অনেক চালক কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না বলে অভিযোগ করেন তারা।
ভুক্তভোগী কয়েকজন সিএনজি চালক বলেন, “গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। কিন্তু অনেক সময় গ্যাস না দিয়ে বাতাস ঢুকিয়ে দেওয়া হয়, অথচ পুরো টাকাই নেওয়া হয়। এতে আমরা প্রতারিত হচ্ছি।”
তারা আরও জানান, দৈনিক আয়ের ওপর নির্ভরশীল হওয়ায় এ ধরনের অনিয়ম তাদের জীবিকায় মারাত্মক প্রভাব ফেলছে।
তবে অভিযোগের বিষয়ে খাজা ট্রেডিং গ্যাস স্টেশনের মালিক খাজা নাজেম উদ্দিন বলেন, জ্বালানি সংকটের কারণে সরবরাহকারী গাড়ি নির্ধারিত সময়ে চকরিয়ায় পৌঁছাতে পারছে না। ফলে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দীর্ঘ লাইনের সৃষ্টি হচ্ছে।
এ বিষয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার বলেন, “বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে দ্রুত তদন্ত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী চালকরা।







