চকরিয়ায় অবৈধ বিলবোর্ড ভেঙে পড়লো দোকান ও বিদ্যুতের তারে, দুইদিন ধরে অন্ধকার

চকরিয়ায় কালবৈশাখী ঝড়ের তীব্র আঘাতে একটি বিশাল অবৈধ বিলবোর্ড ভেঙে পড়ে দোকান ও হাই ভোল্টেজ বৈদ্যুতিক তারের ওপর। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পান এক দোকান কর্মচারী। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাৎক্ষণিক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারে ডুবে যায় উপজেলার । পরে বিদ্যুৎ বিভাগের তৎপরতায় অধিকাংশ এলাকায় সংযোগ সচল করতে পারলেও অনেক এলাকা দুদিন ধরে অন্ধকার, বিশেষ করে কাকারা,সুরাজপুর-মানিকপুর,ডুলহাজারা, বমুবিলছড়ি ইউনিয়নসহ বেশ কিছু ইউনিয়নে বৃহস্পতিবার পর্যন্ত বিদ্যুৎ সচল করতে পারেনি।
মঙ্গলবার(৭এপ্রিল) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মাতামুহুরি ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, হঠাৎ ঝড়ের তীব্রতায় বিলবোর্ডটি ভেঙে পড়ে সরাসরি বিদ্যুতের তারের ওপর, ফলে মুহূর্তেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এবং আশপাশের দোকানপাট ও বসতবাড়িতে অন্ধকার নেমে আসে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বিলবোর্ডটি যদি সামান্য ভিন্ন দিকে পড়তো, তাহলে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারতো। এতে অল্পের জন্য রক্ষা পান ওই দোকান কর্মচারী।
ক্ষতিগ্রস্ত এলাকাবাসী দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ও অবৈধ বিলবোর্ড অপসারণের দাবি জানিয়ে আসছেন। তাদের অভিযোগ, যথাযথ নজরদারির অভাবে এসব বিলবোর্ড জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকিতে পরিণত হয়েছে।
ঘটনার পর স্থানীয়রা দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
কক্সবাজার পল্লী বিদুৎ সমিতি চকরিয়া জোনের ডিজিএম মোহাম্মদ এমরান গনি বলেন, প্রায় এলাকায় বিদ্যুৎ সচল করতে পেরেছি, বৃহস্পতিবার সন্ধ্যা নাগাত পুরো উপজেলায় বিদ্যুৎ স্বাভাবিক হবে বলে আশা করছি।







