চকরিয়ায় অপহৃত কিশোর উদ্ধার, অপহরণকারী গ্রেফতার
কক্সবাজারের চকরিয়ায় অপহরণের শিকার এক কিশোরকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত এক অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৯ মার্চ রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার আজিজনগর রাস্তার মাথা এলাকা থেকে মো. পারভেজ হোসেন (১৭) নামে এক কিশোরকে অপহরণ করে দুর্বৃত্তরা। তিনি চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং চেয়ারম্যানপাড়া এলাকার বাসিন্দা ও মো. মনজুর আলমের ছেলে।
ঘটনার পর অপহরণকারীরা পারভেজের পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার চকরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান শুরু করে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল প্রযুক্তিগত তথ্য-উপাত্তের সহায়তায় কক্সবাজার জেলার রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ছগিরাকাটা এলাকার দুর্গম পাহাড়ি এলাকায় টানা ১৬ ঘণ্টা অভিযান চালায়। অভিযানে অপহরণের সঙ্গে জড়িত নুরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ছগিরাকাটা এলাকার মৃত আমির সুলতানের ছেলে।
পরে গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার (১১ মার্চ) রাত ১০টা ১০ মিনিটে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ছগিরশাহকাটা এলাকা থেকে অপহৃত কিশোর পারভেজ হোসেনকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় চকরিয়া থানায় মামলা নং-১০ (তারিখ: ১১ মার্চ ২০২৬) দায়ের করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ৩৬৪/৩৬৫/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।







