ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে ১ লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কোনো আসামিকে আটক করা সম্ভব হয়নি।
রোববার (১২ জুলাই) সকাল আনুমানিক ৮টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ ঘুমধুম বিওপির একটি আভিযানিক টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, সীমান্ত পিলার-৩১ থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাস্টম মোড় এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় ১ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। অভিযানের সময় মাদক পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্ত এলাকায় মাদক নির্মূলে ভবিষ্যতেও গোয়েন্দা তৎপরতা ও অভিযান আরও জোরদার করা হবে।১
তিনি আরও জানান, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক, অস্ত্র ও বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। বিজিবির ধারাবাহিক এসব অভিযানে সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে ইতিবাচক প্রভাব পড়ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।









