গর্জনিয়ায় ইউএনও: সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পোয়াঙ্গেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
রবিবার (২ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে দুটি করে গাছের চারা তুলে দেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জিল্লুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, “শুধু গাছের চারা রোপণ করলেই দায়িত্ব শেষ নয়; নিয়মিত পরিচর্যার মাধ্যমে গাছগুলোকে বড় করে তুলতে হবে। পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।” তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়ার পাশাপাশি ইউনিয়নভিত্তিক বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজেদের মেধা ও দক্ষতা বিকাশের আহ্বান জানান।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুহিবুল্লাহ চৌধুরী জিল্লুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডির প্রকল্প কর্মকর্তা জহিরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা, গর্জনিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুল আলম, সোশ্যাল এইডের চেয়ারম্যান বাবু প্রসূণ বড়ুয়া, সিনিয়র কর্মকর্তা ইসহাক মোহাম্মদ সোহেল, প্রধান শিক্ষক আমিনুর রশিদ চৌধুরী, সিনিয়র শিক্ষক মাহফুজা ছিদ্দিকা তুলি, বায়েজিদ রশিদ, ইরফান জাহান চৌধুরী, শামীমা আক্তার, কেয়া বড়ুয়া এবং সমাজকর্মী সাইফুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে পুনরায় বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয় এবং সেগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যার পরামর্শ দেওয়া হয়।











