কেরানিহাটের আল-হায়াত হাসপাতালের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিরুদ্ধে ডিরেক্টরদের সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

কেরানিহাটের আল-হায়াত হাসপাতালের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিরুদ্ধে ডিরেক্টরদের সংবাদ সম্মেলন

কেরানিহাটের আল-হায়াত হাসপাতালের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিরুদ্ধে ডিরেক্টরদের সংবাদ সম্মেলন
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানিহাটে অবস্থিত ‘আল-হায়াত হাসপাতাল প্রাইভেট লিমিটেড’-এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিরুদ্ধে ডিরেক্টরদের (পরিচালক) ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে হাসপাতাল পরিচালনার অভিযোগ উঠেছে। একই সঙ্গে শেয়ার নিবন্ধন না করা, আয়-ব্যয়ের হিসাব গোপন রাখা, সরকারি নির্দেশনা অমান্য এবং প্রতিবাদকারীদের হুমকি দেওয়ার অভিযোগ করেছেন বঞ্চিত ডিরেক্টররা।

শনিবার (১৮ জুলাই) বেলা ১১টায় কেরানিহাটের উত্তর পাশে সি-ওয়ার্ল্ড রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন হাসপাতালের বঞ্চিত ডিরেক্টর পরিষদের সদস্যরা।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, হাসপাতাল প্রতিষ্ঠার জন্য শেয়ারের নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রায় কোটি টাকা সংগ্রহ করা হলেও ১৭ মাস পেরিয়ে গেলেও অনেক ডিরেক্টরের নাম এখন পর্যন্ত যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরে (আরজেএসসি) নিবন্ধন করা হয়নি। এমনকি তাদের শেয়ার সার্টিফিকেটও দেওয়া হয়নি। অথচ বিনিয়োগের টাকা জমা দেওয়ার রসিদ ও ব্যাংক স্লিপ তাদের কাছে রয়েছে।

তারা দাবি করেন, ২০২৫ সালের ২৬ ফেব্রুয়ারি হাসপাতালটি চালু হওয়ার পর থেকে নিয়মিত কার্যক্রম চললেও গত ১৭ মাসে আয়-ব্যয়ের কোনো হিসাব ডিরেক্টরদের দেওয়া হয়নি। একাধিকবার হিসাব চাইলে তা না দিয়ে উল্টো বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, বিষয়টি নিয়ে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করা হলে তিনি উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) তদন্তের দায়িত্ব দেন। সহকারী কমিশনার (ভূমি) শুনানির জন্য ডাকলেও অভিযুক্তরা শুনানি বয়কট করে হাসপাতাল পরিচালনা অব্যাহত রেখেছেন।

তাদের অভিযোগ, হিসাব ও শেয়ার সংক্রান্ত তথ্য চাইতে গিয়ে ২৬ জন ডিরেক্টর ও তাদের পরিবারের সদস্যরা প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন। এ ঘটনায় সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগও দেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো— ৩৬ জনের আরজেএসসিতে নিবন্ধন সম্পন্ন করে শেয়ার বণ্টন নিশ্চিত করা, গত ১৭ মাসের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ ও নিরপেক্ষ নিরীক্ষা, সরকারি আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং হাসপাতালের সব অনিয়মের তদন্ত।

বক্তারা জানান, আগামী ২৮ জুলাই আল-হায়াত হাসপাতালের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এ সময় উপস্থিত ছিলেন বঞ্চিত ডিরেক্টর পরিষদের আহ্বায়ক আরাফাত হোসাইন ফরহাদ, আরমান হুসাইন, জামাল উদ্দিন, শেখ আহমদ বাবু, শাহ আলম, আব্দুল গফুর ও কায়সার হামিদ। এছাড়া সাতকানিয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।




বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে- শাহজাহান চৌধুরী এমপি

বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে- শাহজাহান চৌধুরী এমপি
ছবি সংগৃহীত।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় সাতকানিয়ার সড়ক যোগাযোগ ব্যবস্থা নজিরবিহীন ক্ষতির মুখে পড়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসংখ্য সড়ক, কালভার্ট ও সেতুর সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। কৃষকরা উৎপাদিত ফসল বাজারজাত করতে পারছেন না, শিক্ষার্থীদের যাতায়াত ব্যাহত হচ্ছে এবং জরুরি স্বাস্থ্যসেবাও বাধাগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও এলজিইডির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করে অগ্রাধিকার ভিত্তিতে সব ক্ষতিগ্রস্ত সড়ক পুন:র্নিমাণ করা হবে। মানুষের দুর্ভোগ লাঘবই এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

বুধবার বিকালে সাতকানিয়া ঢেমশা ইউনিয়নের কেরানীহাট-হাঙ্গুরমুখ সড়কের কার্তিকের দোকান এলাকায় বন্যায় ধসে যাওয়া অংশ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন। পাশাপাশি দ্রুত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সংস্কার কাজ শুরুর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে, সাতকানিয়া উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মাহমুদুল হক, ঢেমশা ইউনিয়ন জামায়াতের সভাপতি নেজাম উদ্দিন, সেক্রেটারি অধ্যক্ষ আবুল হিসাম মোহাম্মদ জাবেদ, নলুয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারি আবুল বাশার, ইউপি সদস্য পলাশ সেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।




লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. দেলোয়ার (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন ড্রাইভার ছিলেন।

বুধবার (২২ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার পূর্ব পদুয়া দিঘির পাড়া এলাকায় নিজ বাড়ির ছাদে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার পূর্ব পদুয়া দিঘির পাড়া এলাকার জরির বর বাড়ির বাসিন্দা মাহমদ মিয়ার ছেলে।

প্রতিবেশী ব্যবসায়ী মো. সাইফুল জানান, ঘটনার দিন দেলোয়ার বাড়ির ছাদে মুরগির ফার্মে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ দেয়নি।
 




বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ইসলামী আন্দোলনের নগদ অর্থ বিতরণ

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ইসলামী আন্দোলনের নগদ অর্থ বিতরণ
ছবি সংগৃহীত।

বাঁশখালীতে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে মিয়ারবাজারস্থ ইসলামী আন্দোলন কার্যালয়ে ৭০ জন ক্ষতিগ্রস্ত আলেম ও তাঁদের পরিবারের কাছে এই অর্থ হস্তান্তর করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি দেলোয়ার হোসাইন সাকী। চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মুজাহিদ ছগির আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম মহানগর সেক্রেটারি আলহাজ মুহাম্মদ ইকবাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি ও বাঁশখালী আসনে হাতপাখার প্রার্থী মাওলানা হাফেজ রুহুল্লাহ তালুকদার, মাওলানা ইয়াছিন আমিনী, মাওলানা মুফতি নুরুল আমিন, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা মোহাম্মদ ইউনুস, মাওলানা মোজাম্মিলুল হক ও মাওলানা আনোয়ারুল ইসলাম প্রমুখ।