কৃষকদের বাঁচাতে ন্যায্যমূল্য নিশ্চিতের দাবি- সাতকানিয়ায় শাহজাহান চৌধুরী
চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষক ও মৎস্যজীবীদের নিয়ে আয়োজিত সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের এমপি আলহাজ শাহজাহান চৌধুরী বলেছেন, কৃষকরা হচ্ছে দেশের প্রাণ। কৃষি ও মৎস্যখাতকে শক্তিশালী করতে না পারলে দেশের অর্থনীতি কখনোই টেকসই হবে না। তাই কৃষকদের উৎপাদন খরচ কমানো, সহজ শর্তে ঋণ প্রদান এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে।
গতকাল শুক্রবার বিকেলে সাতকানিয়া উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আওতাভুকত কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত কৃষক ও মৎস্যজীবী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের প্রতি আন্তরিক হতে হবে। কৃষিজমি রক্ষা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে উৎপাদন বাড়ানো সম্ভব। তিনি বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকের ঘরে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে সরকার ও সমাজের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা শাখার সভাপতি ডা. মোঃ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রিয় সহ সভাপতি জনাব মোহাম্মদ ইসহাক, ইউনিয়নের জেলা সভাপতি মাস্টার এনামুল হক, উপজেলা জামায়াতের সাধারন সমপাদক তারেক হোসাইন, দিদারুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সম্মেলনে আরও বক্তব্য দেন খানে আলম, মোহাম্মদ রফিক, মঞ্জুরুল আলম, শহিদুল ইসলাম বাবর, কামাল হোসেন ও দিদারুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিজানুল রহমান সিকদার।






