কাপ্তাইয়ে সিলিন্ডার গ্যাস উধাও, কৃত্রিম সংকটের অভিযোগ
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

কাপ্তাইয়ে সিলিন্ডার গ্যাস উধাও, কৃত্রিম সংকটের অভিযোগ

কাপ্তাইয়ে সিলিন্ডার গ্যাস উধাও, কৃত্রিম সংকটের অভিযোগ
ছবি সংগৃহীত।

রাঙামাটির কাপ্তাই উপজেলায় সিলিন্ডার গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। গত এক সপ্তাহ ধরে বাড়তি দামে গ্যাস বিক্রি হলেও আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে পুরো উপজেলার কোথাও আর সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। ডিলার ও খুচরা বিক্রেতারা সরবরাহ সংকটের দাবি করলেও সাধারণ ক্রেতাদের অভিযোগ—গুদামজাত করে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে।

পার্বত্য এই জনপদের কাপ্তাই সদর, নতুন বাজার, চন্দ্রঘোনা ও রাইখালী এলাকা ঘুরে দেখা গেছে, রান্নার গ্যাসের জন্য হাহাকার করছেন বাসিন্দারা। বিশেষ করে কাপ্তাই শিল্পাঞ্চলের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত শত শত ভাড়াটিয়া পরিবার বিকল্প ব্যবস্থা না থাকায় বিপাকে পড়েছেন। বাধ্য হয়ে অনেক পরিবার হোটেল থেকে খাবার সংগ্রহ করছেন।

কাপ্তাই নতুন বাজার এলাকার বাসিন্দা শাহানা আক্তার বলেন, "এক সপ্তাহ ধরে বেশি দাম দিয়ে গ্যাস কিনেছি। আজ সকাল থেকে কোনো দোকানেই গ্যাস নেই। ব্যবসায়ীরা বলছেন গ্যাস নেই, কিন্তু আমাদের সন্দেহ তারা গুদামে মজুদ করে রেখেছেন।" শিল্প এলাকার চাকরিজীবী মো. কায়ছারুল ইসলাম জানান, শিল্প ও ব্যবসায়িক এলাকা হওয়ায় এখানে কাঠের চুলা ব্যবহারের সুযোগ নেই, ফলে গ্যাস ছাড়া রান্না পুরোপুরি বন্ধ।

স্থানীয় ব্যবসায়ীরা পরিবহন ও সরবরাহ জটিলতার অজুহাত দিলেও হঠাৎ করে পুরো উপজেলায় একযোগে গ্যাস উধাও হয়ে যাওয়ায় জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। দ্রুত প্রশাসনের বাজার তদারকি এবং সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন কাপ্তাইয়ের সচেতন মহল।

কাপ্তাই উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে শীঘ্রই তদারকি অভিযান পরিচালনা করা হবে। কোনো অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।




কচ্ছপিয়ায় ডাকাতি: কৃষককে মারধর করে টাকা-স্বর্ণ লুট, গুলি ফুটিয়ে পালিয়েছে ডাকাত দল

কচ্ছপিয়ায় ডাকাতি: কৃষককে মারধর করে টাকা-স্বর্ণ লুট, গুলি ফুটিয়ে পালিয়েছে ডাকাত দল
ছবি সংগৃহীত।

কক্সবাজারের রামুর কচ্ছপিয়ায় এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের রড ও দা'র উল্টো পিঠের আঘাতে আহত হন কৃষক মো. ইসমাঈল (৩৫) ও তাঁর স্ত্রী।

বুধবার (২২ জুলাই) গভীর রাত আড়াইটার দিকে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের শহরআলীর চর গ্রামের মোহাম্মদ ইসমাইলের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ৭-৮ জন ডাকাত অংশ নেয়।

তারা কৃষক ইসমাঈলের বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ১৫ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে। এমনকি কৃষককে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁর কোলের শিশুকে বিছানায় শুইয়ে জবাই করতেও উদ্যত হয় ডাকাত দল। ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে কৃষক ইসমাঈল এ প্রতিবেদকের কাছে অকপটে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাড়ির সবকিছু লুট করে চলে যাওয়ার সময় ডাকাতদল তাঁর বাড়ি থেকে ৩০ ফুট দূরে গিয়ে পরপর দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।

ইসমাইল আক্ষেপ করে বলেন, তাঁদের এলাকায় পুলিশ কখনো টহল দেয় না। যদি মাঝে মাঝে পুলিশি টহল থাকত, তবে ডাকাত দল অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে ডাকাতি করার সাহস পেত না। তিনি এখন নিঃস্ব।

বর্তমানে এই ইউনিয়নের শহরআলীর চর, নাপিতের চর, ডেইংগার চর, ডাকভাঙ্গা ও আশপাশের মানুষ চরম আতঙ্কে রয়েছে।




লামায় বোনের পালিয়ে বিয়ের ক্ষোভে ভাইয়ের আত্মহত্যা

লামায় বোনের পালিয়ে বিয়ের ক্ষোভে ভাইয়ের আত্মহত্যা
ছবি সংগৃহীত।

বান্দরবানের লামা উপজেলায় বোনের পালিয়ে বিয়ের খবর সহ্য করতে না পেরে মো. হাসান (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে লামা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান পাড়াস্থিত একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত মো. হাসান পটিয়া থানার কোলাগাঁও টেক (চর কানাই, ছবুর মার্কেট) এলাকার মনো মিয়ার ছেলে এবং মো. সোলাইমানের পালক পুত্র। তিনি দীর্ঘদিন ধরে পরিবারের সাথে লামা পৌরসভার চেয়ারম্যান পাড়ার আনোয়ারা বেগমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত হাসানের ছোট বোন মেহেরুন্নেসা (২০) পরিবারের অজান্তে স্থানীয় সাকিব নামের এক যুবকের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেন। ছোট বোনের এমন কাণ্ড মেনে নিতে না পেরে তীব্র ক্ষোভ ও অভিমানে হাসান নিজ বসতঘরের বাঁশের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।

খবর পেয়ে লামা থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল কবির সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ মরহুমের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়ছার হামিদ জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”




নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২

নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২
ছবি সংগৃহীত।

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিপুল পরিমাণ টাকাসহ ২ চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক।

বিজিবি সূত্র জানায়, সোমবার বিকেলে আটকের পর তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। মঙ্গলবার (২১ জুলাই) সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২ জনকে থানায় সোপর্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— ছুরত আলম (৩২) ও আমানুল্লাহ (৪০)। তাঁদের কাছ থেকে ১ লাখ ৬২ হাজার টাকা উদ্ধার করা হয়।

সূত্র আরও জানায়, আটক ব্যক্তিদের সীমান্তের ৫০ নম্বর পিলার এলাকা থেকে আটক করেছে ১১ বিজিবির আওতাধীন লেবুছড়ি বিওপির জওয়ানেরা।

১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, “বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী। যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড বিজিবি কঠোর হস্তে দমন করবে। এতে ছাড় দেওয়া হবে না।”