কাউখালীতে পোস্টাল ব্যালট বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে পোস্টাল ভোট বিষয়ক এক অবহিতকরণ সভা রাঙামাটির কাউখালীতে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান। তিনি জানান, ভোটাররা যাতে তাঁদের সাংবিধানিক অধিকার প্রয়োগ থেকে বঞ্চিত না হন, বিশেষ করে কর্মস্থলে থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারী, কারাবন্দী ও প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটের প্রক্রিয়া সহজতর করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়েছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আওয়ালীন খালেক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রাসেল সরকার এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আরিফুল ইসলাম। এছাড়া সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশগ্রহণ করেন।
বক্তারা আসন্ন নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে পোস্টাল ভোটের গুরুত্ব তুলে ধরেন এবং ভোটারদের এই প্রক্রিয়ায় উদ্বুদ্ধ করার আহ্বান জানান। এই সভার আগে একই স্থানে টেকসই উন্নয়ন অভীস্ট (এসডিজি) বিষয়ক আরও একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।









