কক্সবাজারে ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

কক্সবাজার সদরের ঝিলংজা খরুলিয়া এলাকায় মোটরসাইকেল ও ড্রাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই রিসান ও আরফাত নামের ২ তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক ডাম্পার পালিয়ে গেছে।
নিহত আরফাত ঝিলংজা ইউনিয়নের দরগাহ স্টেশন এলাকার শওকত আলীর ছেলে এবং রিসান পশ্চিম মুক্তারকুল ৬ নম্বর ওয়ার্ডের নুরুল হকের ছেলে। একই এলাকার নুরুল আলমের ছেলে সানি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী রিফাত জানান, রিসান, আরফাত ও সানি একটি মোটরসাইকেলে করে মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। পথে তারা সামনে থাকা একটি টমটমকে ওভারটেক করার চেষ্টা করেন। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ড্রাম্পার ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় তিনজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিসান ও আরফাতকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সানির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মো. শরিফ উদ্দিন জানান, বেপরোয়া ডাম্পারের কারণে সড়কে প্রায় সময় হতাহতের ঘটনা ঘটছে। শনিবারও ডাম্পারের ধাক্কায় দুইজন নিহত হয়েছে। একজনের অবস্থা গুরুতর। সে হাসপাতালের আইসিইউতে রয়েছে।
মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। হাসপাতাল প্রাঙ্গণে স্বজনদের আহাজারিতে সৃষ্টি হয়েছে হৃদয়বিদারক পরিবেশ।







