কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ৬ লেনে উন্নীত করা হবে: চকরিয়ার জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারের চারটি সংসদীয় আসনে বিএনপি প্রার্থীদের বিজয়ী করায় কক্সবাজারবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে তিনি দেশের স্বার্থ রক্ষায় সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
শনিবার (১৩ জুন) সন্ধ্যায় চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশের স্বার্থ যেন কেউ ছিনিয়ে নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।” তিনি কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ককে চার থেকে ছয় লেনে উন্নীত করার ঘোষণা দেন। এছাড়া দেশের লবণ চাষিদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে বলেও আশ্বাস দেন।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বিকেল ৪টায় জনসভা শুরু হওয়ার কথা থাকলেও মাতামুহুরি উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন এবং পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী চকরিয়ায় পৌঁছাতে সন্ধ্যা হয়ে যায়।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে দুপুর থেকেই চকরিয়া পৌর বাস টার্মিনাল এলাকায় নেতা-কর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। জনসভা জনসমুদ্রে পরিণত হয় এবং পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
সমাবেশে শহীদ উদ্দিন চৌধুরী এনি এমপি,মীর হেলাল উদ্দিন এমপি ,শাহজাহান চৌধুরী এমপি,জসিম উদ্দিন চৌধুরী এমপি, জেলা প্রশাসকসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।







