ইসলামিক লাইট এডুকেশন সেন্টারের নবনির্বাচিত উপদেষ্টা পরিষদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নে শিক্ষা বিস্তারে নিয়োজিত সামাজিক সংগঠন লাইট ফাউন্ডেশন পরিচালিত সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ইসলামিক লাইট এডুকেশন সেন্টারের নবনির্বাচিত উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ জুন) সকাল ১০টায় প্রতিষ্ঠানের মিনিবাজার শাখার হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন লাইট ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ উল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এইচ এম রুহুল কাদের।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত প্রধান উপদেষ্টা মোহাম্মদ আশরাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মো. আব্দুর রাজ্জাক, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা শাহাদাত হোসেন, প্রবাসী সংগঠক মোয়াজ্জেম হোসেন এবং বাংলাদেশ বেতারের চকরিয়া সংবাদদাতা মোহাম্মদ আয়ুব।
এছাড়াও উপস্থিত ছিলেন মিনিবাজার শাখার সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম, লাইট ফাউন্ডেশনের সদস্য ও বটতলী শাখার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম এবং মিনিবাজার শাখার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা রেজাউল করিমসহ শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে নবনির্বাচিত উপদেষ্টাদের ক্রেস্ট প্রদান করে সম্মাননা ও আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। পরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতি, শ্রেণিকক্ষ আধুনিকায়ন, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা প্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
মতবিনিময় সভায় শিক্ষার পরিবেশ উন্নয়ন, শ্রেণিকক্ষ আধুনিকায়ন এবং পাঠদানের মান বৃদ্ধির লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।







