আনোয়ারায় স্ত্রীর আত্মহত্যার প্ররোচনা মামলায় র্যাবের হাতে স্বামী গ্রেপ্তার

আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের পশ্চিম বরৈয়া এলাকায় স্ত্রীর আত্মহত্যার প্ররোচনা মামলায় স্বামী মো. মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে র্যাব-৭, চট্টগ্রাম। মঙ্গলবার (১২ মে) দুপুরে র্যাব-৭ চট্টগ্রামের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে সোমবার রাতে নগরীর চকবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিজান আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের পশ্চিম বরৈয়া এলাকার আব্দুল নবী মেম্বারের ছেলে। তাকে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আর. এম. মোজাফ্ফর হোসেন প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ভিকটিম হালিমা আক্তারকে স্বামী মিজানুর রহমান ও শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেছে—এমন অভিযোগ এনে হালিমা আক্তারের পরিবার আনোয়ারা থানায় একটি আত্মহত্যার প্ররোচনা মামলা দায়ের করে। ঘটনার পর থেকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যায়। সোমবার র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার প্রধান অভিযুক্ত মো. মিজানুর রহমানকে চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানা এলাকা থেকে গ্রেপ্তার করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা থানায় হস্তান্তর করে।
উল্লেখ্য, গত রোববার (১০ মে) সকালে উপজেলার বটতলী ইউনিয়নের পশ্চিম বরৈয়া এলাকার আব্দুল নবী মেম্বারের বসতঘর থেকে হালিমা আক্তার মুন্নি (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত হালিমা আক্তার মুন্নি রায়পুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাঞ্চন মুন্সির বাড়ির মো. ইসহাকের মেয়ে। তিন বছর আগে পশ্চিম বরৈয়া কালু মাঝির বাড়ির আব্দুল নবী মেম্বারের ছেলে মিজানুর রহমানের সাথে পারিবারিকভাবে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে এক বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।






