আনোয়ারায় বসত ঘর থেকে দুইসন্তানের জননীর মরদেহ উদ্ধার, স্বামী আটক

আনোয়ারায় মোচাম্মৎ লিলি আক্তার (২৯) নামের এক গৃহবধূর বসতঘর থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার বৈরাগ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দক্ষিণ বন্দর এলাকার বোচা তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক এলাকায় শাহ বাড়ীর কামাল উদ্দিন শাহের মেয়ে। ২০১৭ সালে তার সাথে দক্ষিণ বন্দরে বাসিন্দা মহিউদ্দিন জাহাঙ্গীরের সাথে বিয়ে হয় এবং তাদের ঘরে আদিয়ান নামে আট বছরের এক ছেলে ও ওয়ারিশা নামে চার বছরের এক মেয়ে সন্তান আছে। পুলিশ নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার নিজের শয়নকক্ষে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে লিলির শাশুড়ী ও স্বামী রশি কেটে খাটে শুইয়ে দেন। ততক্ষণে নাকেমুখে ফেনা চলে আসে এবং মারা যান তিনি। ঘটনার পর শাশুড়ী নিহতের পিতার বাড়ী গিয়ে লিলি আত্মহত্যা করেছে বলে জানান। পরে লিলির পিতার বাড়ীর লোকজন ঘটনাস্থলে গেলে এটিকে হত্যা বলে দাবি করেন।
জানতে চাইলে নিহতের ভাই নিজাম উদ্দিন শাহ বলেন, আমার বোনকে শ্বশুর বাড়ির লোকজন প্রায় সময় নির্যাতন করত। এবার মেরে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হচ্ছে। এটি আত্মহত্যা নয়। তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।
তবে, নিহতের স্বামী মহিউদ্দিন জাহাঙ্গীর বলেন, আমি উপরের তলায় ছিলাম। সকালে নিচে শয়নকক্ষে দেখি লিলির শরীর ঝুলন্ত অবস্থায়। তখন মনে হচ্ছিল সে বেঁচে আছে। তাই তাড়াতাড়ি নামিয়ে আনি। কিন্তু ততক্ষণে সে মারা যায়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে, আমরা লাশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






