আনোয়ারায় প্রতিবেশির ছুরিকাঘাতে মা-মেয়ে খুন, শিশুপুত্র আহত

আনোয়ারায় পারিবারিক বিরোধের জেরে প্রতিবেশী তেজপ্রিয় বড়ুয়ার ছুরিকাঘাতে এনি বড়ুয়া (৪০) ও তাঁর মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬) খুন হয়েছে। এসময় তাদের শিশুসন্তান পিয়াস বড়ুয়াও গুরুতর আহত হয়।
শনিবার (১৩ জুন) রাত ১১টার দিকে উপজেলার পারৈকোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড চেনামতি গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত এনি বড়ুয়া স্থানীয় সুজন বড়ুয়ার স্ত্রী এবং প্রিয়ন্তী বড়ুয়া তার মেয়ে। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এঘটনায় অভিযুক্তের ভাইকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছু দিন ধরে সুজন বড়ুয়ার পরিবারের সাথে অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে তার চাচাত ভাই তেজপ্রিয় বড়ুয়ার পারিবারিক বিরোধ চলছে। এর জের ধরেই বসতঘরে ঢুকে সুজন বড়ুয়ার পরিবারের উপর হামলা করে পালিয়ে যায় তেজপ্রিয় বড়ুয়া। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করেন। এর মধ্যে এনি বড়ুয়া ও প্রিয়ন্তী বড়ুয়া হাসপাতালে নেওয়ার আগেই মারা যান। গুরুতর আহত শিশু পিয়াস বড়ুয়াকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
নিহতের স্বামী সুজন বড়ুয়া বলেন, স্ত্রীর সাথে রাত সাড়ে ৯ টার দিকেও আমার স্বাভাবিক কথা হয়েছে। রাত ১১ টার দিকে আমি স্ত্রী-সন্তান আহতের কথা শুনে দ্রুত শহর থেকে চলে আসি। এর আগে আমার স্ত্রীর চিৎকার শুনে লোকজন এলে হামলাকারী পালিয়ে যায়। আমার স্ত্রী আহতবস্থায় জানাল আমার চাচাত ভাই তেজপ্রিয় বড়ুয়া তাদেরকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি হামলা করে। কিছু দিন ধরে তেজপ্রিয় বড়ুয়ার সাথে অর্থসংক্রান্ত বিষয় নিয়ে আমাদের বিরোধ চলছে। হয়তো তাই সে এঘটনা ঘটিয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুনায়েত চৌধুরী বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা-মেয়ের লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকান্ড ঘটিয়েছে। অভিযুক্তকে পাওয়া যায়নি তবে তার ভাইকে জিজ্ঞাসাবাদ চলছে। পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






