আনোয়ারায় একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সেলিম গ্রেপ্তার

আনোয়ারা উপজেলায় মাদক ও ভুমি দখলসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. সেলিম প্রকাশ কিত্তা সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পারকি সমুদ্রসৈকত এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সেলিম উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমড়া এলাকার আলী সওদাগরের বাড়ির মৃত নুরুল আলমের ছেলে।
পুলিশ জানায়, ভূমি প্রতিরোধ আইনের একটি মামলায় তিনি সিআর ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। দীর্ঘদিন ধরে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর ছিল। গত বছর চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সেলিমের বিরুদ্ধে মাদক ব্যবসা, জোরপূর্বক জমি দখলসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের দীর্ঘ অভিযোগ রয়েছে। তিনি কর্ণফুলী ও আনোয়ারা থানায় একাধিক মাদক মামলার আসামি। বিশেষ করে কর্ণফুলী থানার মামলা নং-০২(০৬)১৬ এবং আনোয়ারা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারার মামলায় তিনি অভিযুক্ত। এ ছাড়া পুলিশ ও ডিবির ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলাতেও তিনি জামিনে ছিলেন।
এছাড়া তার এক ভাই ও শ্যালক আইনশৃঙ্খলা বাহিনীতে চাকরী করার প্রভাব কাজে লাগিয়ে সাধারণ মানুষের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে আসছিলেন তিনি।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, ‘পারকি সমুদ্রসৈকত এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত আসামি মো. সেলিমকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।’






