আনোয়ারা স্বাস্থ্য কর্মকর্তার গাড়ি-অটোরিকশা সংঘর্ষ,আহত- ৩

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার গাড়ির সাথে একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় সিএনজি অটোরিকশার তিন যাত্রী গুরুতর আহত হয়। বুধবার (২৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার কালাবিবি দিঘীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরীর সরকারি মিতসুবিশি জীপ গাড়িটি উপজেলার কালাবিবির দীঘি মোড় এলাকা পার হয়ে চাতরী চৌমুহনীর দিকে যাচ্ছিল। এসময় তাঁর গাড়ীর সামনে একটি মোটরসাইকেল পড়লে গাড়িটির হঠাৎ গতি কমান চালক। সাথে সাথে পেছন থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ওই গাড়িকে ধাক্কা দিলে দুইটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এসময় সিএনজিচালিত অটোরিকশার তিনজন যাত্রী গুরুতর আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি দুইটি জব্দ করে থানায় নিয়ে যায়।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, আমার সরকারি গাড়িটি মেরামতের জন্য পাঠাচ্ছিলাম। ওইসময় দুর্ঘটনার শিকার হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, আমরা ঘটনাস্থল থেকে দুইটি গাড়ি জব্দ করেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






