আনোয়ারা কিশোর গ্যাং ‘সম্রাট গ্রুপে’র প্রধানসহ গ্রেপ্তার তিন

আনোয়ারায় পুলিশের দুই-দফা বিশেষ অভিযানে কিশোর গ্যাং লিডার সম্রাট গ্রুপের প্রধানসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় আহত হয়েছেন তিন পুলিশ সদস্যও।
বৃহস্পতিবার (১২ মার্চ) ভোররাত ও বেলা এগারোটার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকায় এ অভিযান পরিচালনা করেন আনোয়ারা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হল, কিশোর গ্যাং সম্রাট গ্রুপের প্রধান মোহাম্মদ সম্রাট (২৫), মো. কামাল (২৫) ও রুবি আক্তার (৩৫)।
গ্রেপ্তারকৃতরা সকলে ওই এলাকার বাসিন্দা। তাদের মধ্যে সম্রাট থানায় চিহ্নিত সন্ত্রাসী হিসেবে তালিকায় এবং তার ছবিও থানায় ঝুলানো রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় ও থানা পুলিশ সূত্র জানায়, উপজেলায় কিশোর গ্যাং ‘সম্রাট গ্রুপ’ বারখাইনে শোলকাটাসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চুরি-ছিনতাই, ডাকাতি, দস্যুতা ও চাঁদাবাজিসহ নানা অপকর্ম করে আসছে। সম্রাটের বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে থানায়। গত মঙ্গলবার সম্রাট গ্রুপের সদস্য মো. মহিম (২৫) মৃত অবস্থায় শোলকাটা এলাকার একটি ছয়তলা ভবনের নিচ থেকে উদ্ধার করলে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়। বৃহস্পতিবার ভোররাত তিনটার দিকে পুলিশের টিম অভিযানে গেলে টের পেলে পালিয়ে যায়। পরে বেলা এগারোটার দিকে সম্রাট পালিয়ে যাওয়ার খবর পেয়ে পুলিশ আবারও অভিযানে যান। এসময় পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের সঙ্গে পুলিশের ধস্তাধন্তিতে পুলিশের এএসআই নুরুল আবছার, শিমুল দাশ ও সুমন কুমার ধর আহত হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, ‘গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে বৃস্পতিবার দুপুরে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত সম্রাটের বিরুদ্ধে থানায় ৯টি মামলা রয়েছে। এ গ্রুপের বাকি সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’ তিনি বলেন, ‘উপজেলার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং গ্রুপের দৌরাত্ম, মাদক, অনলাইন জুয়াসহ বিভিন্ন অপরাধীদের আইনের আওয়াতায় আনতে পুলিশের অভিযানও অব্যাহত রয়েছে।’






