অস্ত্রের মুখে জিম্মি করে বৃদ্ধার বাড়িতে লুটপাট
লোহাগাড়া উপজেলার চুনতিতে এক বৃদ্ধাকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সুফিনগর এলাকায় ব্যবসায়ী সরওয়ারের বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী জাহান আরা বেগম (৭০) ওই এলাকার মৃত আহমদ হোসেনের স্ত্রী।
সরেজমিন গিয়ে জানা যায়, ঘটনার সময় জাহান আরা বেগম বাড়িতে একা ছিলেন। গভীর রাতে এক যুবক তার কক্ষে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে ভয়ভীতি দেখায়। পরে তার কানের স্বর্ণের দুল খুলে নেয় এবং আলমারি ভেঙে নগদ ২৫ হাজার টাকা লুট করে। একই সঙ্গে বাড়ির অন্যান্য কক্ষের আলমারিও ভেঙে তছনছ করা হয়।
ভুক্তভোগী জাহান আরা বেগম বলেন, ঘটনার সময় আমি একা ছিলাম। হঠাৎ এক ব্যক্তি ঘরে ঢুকে অস্ত্র দেখিয়ে আমাকে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা নিয়ে যায়। পরে বাড়ির অন্যান্য কক্ষেও তল্লাশি চালিয়ে লুটপাট করে। বাইরে আরো কয়েকজন দাঁড়িয়ে আছে বলে হুমকি দেন।
ভুক্তভোগী পরিবারের সদস্য মো. জোনাঈদ হোসেন এ ঘটনায় বাদী হয়ে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। খবর পেয়ে চুনতি পুলিশ ফাঁড়ির এসআই জিয়াউল হুদা সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে






