অর্ধেক কবর খননের পর জায়গা না থাকার অভিযোগে লাশ দাফনে বাঁধা!

আনোয়ারায় অর্ধেক কবর খননের পর কবরস্তানে জায়গা না থাকার অভিযোগ এনে হিজবুল বাহা (৪২) নামে এক মুক্তিযোদ্ধা কন্যার লাশ দাফনে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার (১৪ জুন) বিকালে বৈরাগ ইউনিয়নের ফকির খিল এলাকায় এঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে উভয় পক্ষের সাথে কথা বলেন।
মৃত হিজবুল্লাহ্ বাহার স্থানীয় বীর মুক্তিযোদ্ধা সৈয়দুল হকের কন্যা। পরে তাকে দাফনের জন্য পাশ্ববর্তী এলাকার কবরস্থানে দাফনের ব্যবস্থা করা হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।
হিজবুল্লাহ্ বাহারের ছোট ভাই মো. মুজিবুর রহমান বলেন, ১৯৯৬ সালে ফকির খিল বন্দর থানা এলাকার বাসিন্দা আবদুর রশিদের সঙ্গে বোনের বিয়ে হয়। ২০১০ সালে বোনের স্বামী মারা যায়। তাদের সংসারে ১ ছেলে ও তিন মেয়ে রয়েছে। সেখানে নিজস্ব কোনো জমি না থাকায় আমার পিতার পৈতিক জমিতে ঘর নির্মাণ করে তারা এখানে বসবাস করে । পরে আমার বোন সন্তানদের নিয়ে শহরে চলে যায়। রোববার সকাল দশটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আমার বোন মারা যান। মৃত্যুরপর আমরা আমাদের সমাজিক কবরস্থানে দাফনের জন্য কবর খনন শুরু করলে সমাজের সভাপতি জামশেদ উদ্দিনসহ বেশ কয়েকজন বাঁধা দেন এবং এখানে কবর দিতে বাঁধা দেন। ঘটনাটি আমরা প্রশাসনকে জানিয়েছি।
তিনি আরও বলেন, পরে আমার চাচাতো ভাইয়ের জমিতে আমরা কবর খনন করি এবং মাগরিবের নামাজেরপর জানাজার সময় নির্ধারণ করা হয়।
জানতে চাইলে ফকিরখীল এয়ার আলী খান সমাজ কল্যাণ সমিতির সভাপতি জামশেদ উদ্দিন বলেন, আমাদের মহল্লায় সমাজের বহির্ভূত কাউকে সামাজিক কবরস্থানে দাফন করার সুযোগ না থাকায় তাঁকে কবর না দেওয়ার অনুরোধ করা হয়। কিন্তু তাঁরা পরিস্থিতি ঘোলাটে করে ফেলে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, কবরস্তানে লাশ দাফনে বাঁধার কথা শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে উভয় পক্ষের সাথে কথা বলে বিষয়টি সমাধান করার চেষ্টা চলছে।






