‎কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

‎কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত

‎কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত
ছবি সংগৃহীত।

‎কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। নিহতদের সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
‎
‎শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাটিরমাথা রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, কাইম্যার ঘোনা এলাকার নুরুল ইসলামের ছেলে মো. রুবেল (৩০), তার বোন কাসফিয়া (২০), কাসফিয়ার ১৮ মাস বয়সি শিশুকন্যা এবং রুবেলের শিশুকন্যা।
‎‎
‎স্থানীয় সূত্রে জানা গেছে, তারা একটি সিএনজিচালিত অটোরিকশায় করে দক্ষিণ মিঠাছড়ি থেকে রাজারকুলের দিকে যাচ্ছিলেন। পথে ঢাকা থেকে কক্সবাজার অভিমুখী পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। কাসফিয়া ঘটনাস্থলেই মারা যান। অন্য তিনজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান বলে জানা গেছে। 
‎
‎স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনাস্থলের রেলক্রসিংটি অরক্ষিত। সেখানে কোনো গেট বা গেটম্যান নেই। পাশাপাশি সড়কের দুই পাশে বড় বড় গাছ থাকায় ট্রেন আসার বিষয়টি সহজে দেখতে পান না চালকরা।




রামুতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নিহত

রামুতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নিহত
ছবি সংগৃহীত।

কক্সবাজারের রামুতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মির্জা আলীর দোকানসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি এসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক ঘটনাস্থলেই নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি।

রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুজ্জামান ভূঁইয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর বাসটি পালিয়ে গেছে। জড়িত বাসটি শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।




মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে : খলিলুর রহমান

মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে : খলিলুর রহমান
ছবি সংগৃহীত।

মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় বাস্তবায়ন এবং রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজারের উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ফুটবল মাঠে বিশ্ববাসীর উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, আদালতের রায় শুধু কাগজে-কলমে থাকলে চলবে না, এর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার জন্য নিরাপত্তা, বৈষম্য থেকে সুরক্ষা, চলাচলের স্বাধীনতা ও নাগরিকত্বের অধিকার নিশ্চিত করা জরুরি।

ড. খলিলুর রহমান বলেন, বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আইসিজে ঐতিহাসিক রায় দিয়েছেন। আদালত ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর সংঘটিত ঘটনাকে গণহত্যা হিসেবে চিহ্নিত করেছেন।

তিনি বলেন, আদালত মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর পরিকল্পিত হত্যাকাণ্ড, ব্যাপক যৌন সহিংসতা, নারী ও শিশুদের ওপর হামলা এবং রোহিঙ্গাদের গ্রাম ধ্বংসের প্রমাণ পেয়েছেন। অন্তত ১০ হাজার মানুষ হত্যার প্রমাণের কথাও আদালত উল্লেখ করেছেন। এসব অপরাধের পেছনে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্য ছিল বলে আদালত সিদ্ধান্ত দিয়েছেন।

রোহিঙ্গাদের পরিচয়ের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আদালত তাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছেন, যাদের সঙ্গে মিয়ানমারের সম্পর্ক বহু প্রজন্মের। এই রায় রোহিঙ্গাদের পরিচয় ও ইতিহাসের স্বীকৃতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, কোনো রায়ই নিহত ব্যক্তিদের ফিরিয়ে আনতে বা সব ক্ষত সারিয়ে তুলতে পারবে না। তবে সত্যের স্বীকৃতি ন্যায়বিচারের সূচনা। এই রায়ের মধ্য দিয়ে রোহিঙ্গাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সাক্ষ্য আন্তর্জাতিক বিচারিক প্রক্রিয়ায় প্রতিফলিত হয়েছে।

রায় বাস্তবায়নে চার দফা আহ্বান
বক্তব্যে আইসিজের রায় বাস্তবায়নে ৪টি বিষয়ে গুরুত্ব দেন ড. খলিলুর রহমান। প্রথমত, গণহত্যা সনদের আওতায় নিষিদ্ধ অপরাধে জড়িত থাকার যুক্তিসংগত সন্দেহ রয়েছে, এমন ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিত করতে মিয়ানমারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি বলেন, আদালত মিয়ানমারের জাতীয় আইনের ঘাটতি দূর করা এবং এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন। মিয়ানমারকে সদিচ্ছার সঙ্গে এসব বাধ্যবাধকতা পূরণ এবং আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে। রায় বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়েরও দায়িত্ব রয়েছে। মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি ও প্রয়োজনীয় সহযোগিতা দিতে সদস্যরাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তা না হলে আদালতের রায় রোহিঙ্গাদের জীবনে প্রত্যাশিত পরিবর্তন আনতে পারবে না।

দ্বিতীয়ত, রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে। ড. খলিলুর রহমান বলেন, মিয়ানমারকে তাদের কর্মকাণ্ডের কারণে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের সুযোগ তৈরি করতে হবে। মিয়ানমারের ভেতরে বাস্তুচ্যুত এবং সীমান্ত পেরিয়ে অন্য দেশে আশ্রয় নেওয়া—উভয় শ্রেণির মানুষের ক্ষেত্রেই এই দায়িত্ব প্রযোজ্য।

তিনি বলেন, পরিবারগুলোকে পুনরায় একত্রিত করা, হারিয়ে যাওয়া বাড়িঘর, জমি ও সম্পত্তি ফিরিয়ে দেওয়া অথবা বিকল্প ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। আহত ব্যক্তিদের চিকিৎসা, নিখোঁজ ব্যক্তিদের সন্ধান এবং রোহিঙ্গাদের সংস্কৃতি ও ঐতিহ্য অনুযায়ী মৃতদের মর্যাদার সঙ্গে পুনরায় দাফনের ব্যবস্থাও করতে হবে।

প্রত্যাবাসনের শর্ত তুলে ধরে তিনি বলেন, কাউকে বিপদের মুখে ফেরত পাঠানো যাবে না। নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের জন্য রোহিঙ্গাদের প্রকৃত সুরক্ষা, বৈষম্য থেকে মুক্তি, চলাচলের স্বাধীনতা এবং নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্তে অংশগ্রহণের সুযোগ থাকতে হবে।

নাগরিকত্বের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে ড. খলিলুর রহমান বলেন, বৈষম্য ও নিপীড়ন থেকে সুরক্ষার মধ্যে নাগরিকত্ব পাওয়ার অধিকারও অন্তর্ভুক্ত রয়েছে। প্রত্যাবাসন প্রক্রিয়ায় রোহিঙ্গাদের নিজস্ব মতামত ও আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে জবাবদিহি ও ন্যায়বিচার নিশ্চিত করতে জাতিসংঘের প্রবেশাধিকারও মিয়ানমারকে নিশ্চিত করতে হবে। প্রত্যাবাসন সম্ভব না হওয়া পর্যন্ত শরণার্থীশিবিরগুলোতে মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

তৃতীয়ত, রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি তুলে ধরেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি। তিনি বলেন, যেসব বস্তুগত ক্ষতির প্রতিকার শুধু সম্পত্তি ফিরিয়ে দেওয়ার মাধ্যমে সম্ভব নয়, সেসব ক্ষতির জন্য রোহিঙ্গাদের ব্যক্তিগত ও সামষ্টিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে।

ড. খলিলুর রহমান জানান, পুনরুদ্ধারমূলক ব্যবস্থা হিসেবে মিয়ানমার কী পদক্ষেপ নিয়েছে এবং ক্ষতিপূরণের প্রস্তাবিত পরিমাণ ও পদ্ধতি কী হবে, সে বিষয়ে দুই বছরের মধ্যে প্রতিবেদন দিতে হবে।

তিনি বলেন, অর্থ দিয়ে কোনো জীবন ফিরিয়ে আনা বা স্বজন হারানোর শূন্যতা পূরণ করা সম্ভব নয়। তবে যথাযথ ক্ষতিপূরণ বেঁচে থাকা ব্যক্তিদের নিরাপত্তাবোধ ও আশার জায়গা পুনরুদ্ধারে সহায়তা করতে পারে। এক্ষেত্রে নারী ও তরুণদের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিতে হবে।

মানবিক সহায়তা অব্যাহত রাখার ওপর জোর দিয়ে তিনি বলেন, শিশুদের খাদ্য ও শিক্ষা, পরিবারগুলোর স্বাস্থ্যসেবা, আশ্রয় ও সুরক্ষা প্রয়োজন। বাংলাদেশের সরকার ও জনগণের একার পক্ষে এই দায়িত্ব বহন করা সম্ভব নয়। তাই আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে উন্নয়ন সহযোগীদের, শিবিরগুলোতে মানবিক সহায়তার জন্য অর্থায়ন বাড়াতে হবে।

চতুর্থত, রায় মেনে চলা এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঠেকাতে মিয়ানমারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এ জন্য আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার, নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ এবং কার্যকর বেসামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদের কথা উল্লেখ করে ড. খলিলুর রহমান বলেন, জাতিসংঘের প্রতিটি সদস্যরাষ্ট্র সংশ্লিষ্ট মামলায় আইসিজের সিদ্ধান্ত মেনে চলতে অঙ্গীকারবদ্ধ। কোনো রাষ্ট্র তা করতে ব্যর্থ হলে নিরাপত্তা পরিষদের কাছে যাওয়ার সুযোগ রয়েছে। সাধারণ পরিষদের সভাপতি হিসেবে রায় বাস্তবায়নের পরবর্তী করণীয় নিয়ে সদস্যরাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি

বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা
বক্তব্যে রোহিঙ্গাদের পক্ষে আইসিজেতে মামলা করায় গাম্বিয়া, উদ্যোগে সমর্থন দেওয়ায় ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি), মামলায় হস্তক্ষেপকারী ১১টি রাষ্ট্র, আইসিজের বিচারক এবং প্রমাণ সংগ্রহে কাজ করা জাতিসংঘের তদন্তকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান ড. খলিলুর রহমান।

তিনি বাংলাদেশের সরকার ও জনগণের পাশাপাশি উখিয়া ও টেকনাফের স্থানীয় জনগোষ্ঠীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের অবদান উল্লেখ করে তিনি বলেন, স্থানীয় জনগোষ্ঠীও তাদের জন্য নিজেদের দুয়ার খুলে দিয়েছেন।

বিশেষভাবে রোহিঙ্গা বেঁচে ফেরা মানুষদের এবং নিজেদের অভিজ্ঞতার কথা সাহসের সঙ্গে তুলে ধরা নারীদের প্রশংসা করেন তিনি। তার মতে, রায়ের মধ্যে রোহিঙ্গাদের কণ্ঠস্বর প্রতিফলিত হয়েছে।

১৯৪৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের গণহত্যাকে মানবজাতির বিবেকের জন্য আঘাত হিসেবে ঘোষণা এবং ১৯৪৮ সালে গণহত্যা সনদ গ্রহণের প্রসঙ্গও তুলে ধরেন ড. খলিলুর রহমান। তিনি বলেন, গণহত্যা প্রতিরোধ ও এর শাস্তি নিশ্চিত করা সনদে স্বাক্ষরকারী সব রাষ্ট্রের দায়িত্ব। কোনো জনগোষ্ঠীকে গণহত্যা থেকে সুরক্ষা দেওয়া একটি সামষ্টিক আইনি স্বার্থ, যা রাষ্ট্রীয় সীমান্ত ও পৃথক জাতীয় স্বার্থের ঊর্ধ্বে।

রোহিঙ্গাদের কণ্ঠস্বর জাতিসংঘে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি
রোহিঙ্গাদের উদ্দেশে ড. খলিলুর রহমান বলেন, আদালতের রায় প্রমাণ করেছে যে বিশ্ব তাদের ভুলে যায়নি। রোহিঙ্গাদের বক্তব্য ও আকাঙ্ক্ষা নিউইয়র্কে জাতিসংঘের ১৯৩টি সদস্যরাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। বিশেষ করে নারী, শিশু ও তরুণদের কণ্ঠস্বর তুলে ধরার কথা বলেন।

তিনি বলেন, দ্য হেগে ন্যায়বিচারের রায় এসেছে। এখন দায়িত্ব হলো শিবিরগুলোতে এবং রাখাইনে রোহিঙ্গাদের নিজ নিজ গ্রামে সেই ন্যায়বিচার বাস্তবায়ন করা। ২০২৬ সালের ১৯ নভেম্বরকে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার পথচলার শুরুর দিন হিসেবে ইতিহাসে স্মরণীয় করে রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালনের সময় ড. খলিলুর রহমান কক্সবাজারের ক্যাম্পগুলো পরিদর্শন করেছিলেন। শুক্রবারের বক্তব্যে সেই অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, রোহিঙ্গাদের বিষয়ে নিউইয়র্কে বসে কথা বলার পরিবর্তে তিনি সরাসরি তাদের কাছে আসতে চেয়েছেন।

বক্তব্যের শেষে তিনি বলেন, রোহিঙ্গাদের কোনো অংশ যেন আর কখনো গণহত্যার শিকার না হয়। তার ভাষায়, ‘আর কখনো নয়’—এর অর্থ সত্যিই আর কখনো নয়।

রায় বাস্তবায়নের প্রত্যাশা রোহিঙ্গাদের
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির বক্তব্যকে স্বাগত জানিয়েছেন রোহিঙ্গা নেতারা। তাদের প্রত্যাশা, আইসিজের রায় শুধু আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকবে না; মিয়ানমারের ওপর কার্যকর চাপ সৃষ্টি করে তা বাস্তবায়ন করা হবে।

রোহিঙ্গা নাগরিক সংগঠন ইউসিআরের সভাপতি কিন মং বলেন, রোহিঙ্গাদের দুর্ভোগ ও প্রত্যাবাসনের আকাঙ্ক্ষা সরাসরি শোনার জন্য আমরা ড. খলিলুর রহমানের প্রতি কৃতজ্ঞ। আমরা শরণার্থীশিবিরে অনির্দিষ্টকাল থাকতে চাই না। নিরাপত্তা, নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত করে নিজ দেশে ফিরতে চাই। তিনি আমাদের কথাগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরবেন বলে আশা করছি।

রোহিঙ্গা যুব অধিকার কর্মী মুজিবুর রহমান বলেন, আমরা বহু বছর ধরে ন্যায়বিচারের অপেক্ষায় আছি। আইসিজের রায় আমাদের জন্য আশার জায়গা তৈরি করেছে। কিন্তু শুধু রায় হলে হবে না, যারা আমাদের ওপর নির্যাতন করেছে তাদের জবাবদিহির আওতায় আনতে হবে।

ইউসিআরের সাবেক সভাপতি সৈয়দ উল্লাহ বলেন, আমরা বাংলাদেশে আশ্রয় পেয়ে কৃতজ্ঞ। কিন্তু নিজের দেশ ছেড়ে কেউ অন্য দেশে থাকতে চায় না। মিয়ানমারে ফিরে যাওয়ার আগে আমাদের নিরাপত্তা, নাগরিকত্ব এবং স্বাধীনভাবে চলাফেরার অধিকার নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, ড. খলিলুর রহমানের বক্তব্য শুনতে ফুটবল মাঠে ২০ হাজারের বেশি মানুষ জড়ো হন। তাদের অনেকের হাতে ছিল বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড। আইসিজের রায়ের পর জাতিসংঘের শীর্ষ পর্যায়ের একজন প্রতিনিধির কাছ থেকে নিজেদের দুর্ভোগ, ন্যায়বিচার ও প্রত্যাবাসনের দাবি তুলে ধরার সুযোগকে গুরুত্বের সঙ্গে দেখছেন রোহিঙ্গারা।




নিরাপত্তা ও নাগরিকত্বের অধিকার নিশ্চিত করেই রোহিঙ্গা প্রত্যাবাসন: খলিলুর রহমান

নিরাপত্তা ও নাগরিকত্বের অধিকার নিশ্চিত করেই রোহিঙ্গা প্রত্যাবাসন: খলিলুর রহমান
ছবি সংগৃহীত।

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় রোহিঙ্গা সংকট সমাধান ও ন্যায়বিচার নিশ্চিতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপত্তা, নাগরিকত্বের অধিকার, চলাচলের স্বাধীনতা এবং বৈষম্য ও নিপীড়ন থেকে সুরক্ষা নিশ্চিত করেই মিয়ানমারে প্রত্যাবাসন করতে হবে।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ের ৪ নম্বর বর্ধিত ক্যাম্পের খেলার মাঠে রোহিঙ্গাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রোহিঙ্গাদের ন্যায়বিচারের দাবিতে ভূমিকা রাখার জন্য গাম্বিয়া, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং মামলায় হস্তক্ষেপকারী ১১টি রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা জানান খলিলুর রহমান। এ ছাড়া আইসিজের বিচারক, জাতিসংঘের তদন্তসংশ্লিষ্ট ব্যক্তি এবং রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশ সরকার ও জনগণের প্রশংসা করেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর রোহিঙ্গারা এ সমাবেশের আয়োজন করে।

এতে খলিলুর রহমান বলেছেন, নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করতে হবে। কোনো রোহিঙ্গাকে বিপদের মুখে ঠেলে দিয়ে দেশে ফেরত পাঠানো উচিত হবে না।

সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে খলিলুর রহমান সমাবেশস্থলে পৌঁছালে হাততালি দিয়ে তাঁকে স্বাগত জানান হাজারো রোহিঙ্গা। তাঁর বক্তব্য ও আশার বাণী শোনার জন্য সকাল থেকেই মাঠে অপেক্ষা করছিলেন তাঁরা। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর প্রথম রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন।

খলিলুর রহমান বলেন, রোহিঙ্গাদের ওপর ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর চালানো হত্যাযজ্ঞ গণহত্যা ছিল বলে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ে স্পষ্ট হয়েছে। আদালত প্রমাণের ভিত্তিতে জানিয়েছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী পরিকল্পিতভাবে ব্যাপকসংখ্যক রোহিঙ্গাকে হত্যা, নারীদের ওপর যৌন সহিংসতা এবং নারী ও শিশুদের ওপর হামলা চালিয়েছে। এসব ঘটনায় অন্তত ১০ হাজার মানুষ নিহত হয়েছেন বলে আদালত প্রমাণ পেয়েছে।

তিনি বলেন, আদালতের এই রায় রোহিঙ্গাদের দীর্ঘদিনের ন্যায়বিচারের দাবির স্বীকৃতি। তবে এই রায় নিহত ব্যক্তিদের ফিরিয়ে আনতে বা সব ক্ষত সারিয়ে তুলতে পারবে না। সত্য প্রতিষ্ঠার মধ্য দিয়েই ন্যায়বিচারের যাত্রা শুরু হয়।

খলিলুর রহমান বলেন, আদালতের রায় চূড়ান্ত, বাধ্যতামূলক এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। মিয়ানমারকে এই রায় বাস্তবায়ন করতে হবে। গণহত্যার সঙ্গে জড়িত থাকার যুক্তিসংগত সন্দেহ রয়েছে, এমন ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত, প্রয়োজনে বিচার ও শাস্তির ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে দেশটির আইনে প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি না ঘটে। রায় বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়কেও সম্মিলিতভাবে চাপ সৃষ্টি করতে হবে।

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে তিনি বলেন, মিয়ানমারকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাড়িঘর, জমি ও অন্যান্য সম্পত্তি ফিরিয়ে দেওয়া বা বিকল্প ব্যবস্থা করতে হবে। বিচ্ছিন্ন পরিবারগুলোকে পুনর্মিলিত করা, আহতদের চিকিৎসা এবং নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার উদ্যোগ নিতে হবে। পাশাপাশি রোহিঙ্গাদের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে তাঁদের মতামতকে গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য নাগরিকত্বের অধিকার নিশ্চিত করা জরুরি। চলাচলের স্বাধীনতা, বৈষম্য ও নিপীড়ন থেকে সুরক্ষা এবং নিজেদের ভবিষ্যৎ নির্ধারণে মতপ্রকাশের সুযোগ থাকতে হবে। রোহিঙ্গাদের ইচ্ছা ও আকাঙ্ক্ষার ভিত্তিতেই প্রত্যাবাসন প্রক্রিয়া পরিচালিত হওয়া উচিত।

ক্ষতিপূরণের বিষয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি বলেন, মিয়ানমারকে রোহিঙ্গাদের ব্যক্তি ও সম্প্রদায়গত ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে হবে। শুধু অর্থ দিয়ে মানুষের জীবন ও স্বজন হারানোর ক্ষতি পূরণ করা সম্ভব নয়। তবে ক্ষতিপূরণ ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা ও আশার অনুভূতি ফিরিয়ে আনতে সহায়তা করতে পারে।

তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপদে ফিরে যাওয়ার পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত শরণার্থীশিবিরগুলোতে মানবিক সহায়তা অব্যাহত রাখতে হবে। শিশুদের খাদ্য ও শিক্ষা, পরিবারগুলোর চিকিৎসা, আশ্রয় ও সুরক্ষা নিশ্চিত করতে হবে। এ দায়িত্ব শুধু বাংলাদেশ সরকার ও জনগণের ওপর ছেড়ে দেওয়া যায় না। আন্তর্জাতিক সম্প্রদায় ও উন্নয়ন সহযোগীদের মানবিক সহায়তার অর্থায়ন বাড়াতে হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ওপর অতীতের নৃশংসতার পুনরাবৃত্তি ঠেকাতে মিয়ানমারকে কার্যকর আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার করতে হবে। নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ এবং তাদের ওপর বেসামরিক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তিনি এ বিষয়ে সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন বলেও জানান।

তিনি বলেন, রোহিঙ্গারা যে বিস্মৃত হয়নি, আন্তর্জাতিক বিচার আদালতের রায় তারই প্রমাণ। রোহিঙ্গাদের, বিশেষ করে নারী, শিশু ও তরুণদের কথা তিনি জাতিসংঘের ১৯৩টি সদস্যরাষ্ট্রের কাছে তুলে ধরবেন। ২০২৬ সালের ১৯ নভেম্বরকে রোহিঙ্গাদের ঘরে ফেরার পথচলা শুরুর দিন হিসেবে ইতিহাসে স্মরণীয় করে রাখার আশাও প্রকাশ করেন তিনি।

সমাবেশে আরসিপিআর এর সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন রোহিঙ্গাদের উদ্দেশে বলেন, ‘আমরা বাঙালি নই, আমরা রোহিঙ্গা। আমাদের দেশ আরাকান। আমরা আমাদের দেশে ফিরে যেতে চাই। আমরা ভাসমান নই, আমাদের দেশ আমরা চাই। আমাদের দেশ ও অধিকার আমরা ফিরিয়ে নেব।’

তিনি আরও বলেন, ‘আমাদের সহযোগিতার জন্য আল্লাহ আছেন, বাংলাদেশ সরকার আছে, ওআইসি আছে। সবার সহযোগিতায় আমরা নিজেদের অধিকার নিয়ে জন্মভূমিতে ফিরে যেতে পারব।’

সমাবেশে উপস্থিত রোহিঙ্গারা আইসিজের রায়কে ঘিরে আশা ও প্রত্যাশা প্রকাশ করেন। তারা দীর্ঘদিনের নির্যাতনের বিচার, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং নিরাপদে নিজ দেশে ফিরে যাওয়ার পরিবেশ তৈরির দাবি জানান।