৪০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি পটিয়ার ব্যাপটিষ্ট চার্চে
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

৪০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি পটিয়ার ব্যাপটিষ্ট চার্চে

৪০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি পটিয়ার ব্যাপটিষ্ট চার্চে
ছবি সংগৃহীত।

পটিয়া উপজেলার শ্রীমাই এলাকায় অবস্থিত খ্রিস্টান ধর্মীয় কেন্দ্রীয় প্রতিষ্ঠান ব্যাপটিষ্ট চার্চ দীর্ঘ ৪০ বছরেও সরকারি কিংবা বেসরকারি কোনো উল্লেখযোগ্য আর্থিক সহায়তা ও অবকাঠামোগত উন্নয়নের সুযোগ পায়নি বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক প্রদীশ দাশ।

শনিবার (১৮ জুলাই) চার্চ প্রাঙ্গণে প্রায় ১০০ শিক্ষার্থীকে নিয়ে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক সুজিত হালধার এর পরিচালনায়
প্রদীশ দাশ আরও বলেন, চার দশক ধরে এই চার্চটি ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। 
কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজ পর্যন্ত সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতা কিংবা অবকাঠামোগত উন্নয়নের ছোঁয়া আমরা পাইনি। সীমিত সামর্থ্য নিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও মানসম্মত পরিবেশ গড়ে তুলতে নতুন ভবন, শ্রেণিকক্ষ, শিক্ষা উপকরণ এবং অন্যান্য সুযোগ-সুবিধা প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
প্রশিক্ষণ কর্মশালায় চার্চের শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন দায়িত্বশীল কর্মকর্তা, অভিভাবক এবং স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। কর্মশালায় শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, নেতৃত্বের গুণাবলি, সামাজিক দায়বদ্ধতা এবং ধর্মীয় মূল্যবোধ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী ১০০ শিক্ষার্থীর হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়।
স্থানীয়রা জানান, পটিয়ার শ্রীমাই এলাকার ব্যাপটিষ্ট চার্চটি দীর্ঘদিন ধরে এলাকার খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় ও ১৫০ জন শিশুদের পড়ালেখা, সামাজিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। 
তবে প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন ও আর্থিক সহযোগিতার অভাবে প্রতিষ্ঠানটির কার্যক্রম ব্যাহত হচ্ছে। তারা চার্চটির উন্নয়নে সরকারের সংশ্লিষ্ট দপ্তর, জনপ্রতিনিধি এবং বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।




কচ্ছপিয়ায় ডাকাতি: কৃষককে মারধর করে টাকা-স্বর্ণ লুট, গুলি ফুটিয়ে পালিয়েছে ডাকাত দল

কচ্ছপিয়ায় ডাকাতি: কৃষককে মারধর করে টাকা-স্বর্ণ লুট, গুলি ফুটিয়ে পালিয়েছে ডাকাত দল
ছবি সংগৃহীত।

কক্সবাজারের রামুর কচ্ছপিয়ায় এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের রড ও দা'র উল্টো পিঠের আঘাতে আহত হন কৃষক মো. ইসমাঈল (৩৫) ও তাঁর স্ত্রী।

বুধবার (২২ জুলাই) গভীর রাত আড়াইটার দিকে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের শহরআলীর চর গ্রামের মোহাম্মদ ইসমাইলের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ৭-৮ জন ডাকাত অংশ নেয়।

তারা কৃষক ইসমাঈলের বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ১৫ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে। এমনকি কৃষককে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁর কোলের শিশুকে বিছানায় শুইয়ে জবাই করতেও উদ্যত হয় ডাকাত দল। ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে কৃষক ইসমাঈল এ প্রতিবেদকের কাছে অকপটে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাড়ির সবকিছু লুট করে চলে যাওয়ার সময় ডাকাতদল তাঁর বাড়ি থেকে ৩০ ফুট দূরে গিয়ে পরপর দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।

ইসমাইল আক্ষেপ করে বলেন, তাঁদের এলাকায় পুলিশ কখনো টহল দেয় না। যদি মাঝে মাঝে পুলিশি টহল থাকত, তবে ডাকাত দল অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে ডাকাতি করার সাহস পেত না। তিনি এখন নিঃস্ব।

বর্তমানে এই ইউনিয়নের শহরআলীর চর, নাপিতের চর, ডেইংগার চর, ডাকভাঙ্গা ও আশপাশের মানুষ চরম আতঙ্কে রয়েছে।




লামায় বোনের পালিয়ে বিয়ের ক্ষোভে ভাইয়ের আত্মহত্যা

লামায় বোনের পালিয়ে বিয়ের ক্ষোভে ভাইয়ের আত্মহত্যা
ছবি সংগৃহীত।

বান্দরবানের লামা উপজেলায় বোনের পালিয়ে বিয়ের খবর সহ্য করতে না পেরে মো. হাসান (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে লামা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান পাড়াস্থিত একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত মো. হাসান পটিয়া থানার কোলাগাঁও টেক (চর কানাই, ছবুর মার্কেট) এলাকার মনো মিয়ার ছেলে এবং মো. সোলাইমানের পালক পুত্র। তিনি দীর্ঘদিন ধরে পরিবারের সাথে লামা পৌরসভার চেয়ারম্যান পাড়ার আনোয়ারা বেগমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত হাসানের ছোট বোন মেহেরুন্নেসা (২০) পরিবারের অজান্তে স্থানীয় সাকিব নামের এক যুবকের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেন। ছোট বোনের এমন কাণ্ড মেনে নিতে না পেরে তীব্র ক্ষোভ ও অভিমানে হাসান নিজ বসতঘরের বাঁশের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।

খবর পেয়ে লামা থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল কবির সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ মরহুমের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়ছার হামিদ জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”




নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২

নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২
ছবি সংগৃহীত।

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিপুল পরিমাণ টাকাসহ ২ চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক।

বিজিবি সূত্র জানায়, সোমবার বিকেলে আটকের পর তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। মঙ্গলবার (২১ জুলাই) সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২ জনকে থানায় সোপর্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— ছুরত আলম (৩২) ও আমানুল্লাহ (৪০)। তাঁদের কাছ থেকে ১ লাখ ৬২ হাজার টাকা উদ্ধার করা হয়।

সূত্র আরও জানায়, আটক ব্যক্তিদের সীমান্তের ৫০ নম্বর পিলার এলাকা থেকে আটক করেছে ১১ বিজিবির আওতাধীন লেবুছড়ি বিওপির জওয়ানেরা।

১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, “বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী। যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড বিজিবি কঠোর হস্তে দমন করবে। এতে ছাড় দেওয়া হবে না।”