২৫ বছর ধরে জীবনযুদ্ধে লড়াই, পরিবারের হাল ধরেছেন পটিয়ার প্রতিবন্ধী নাছির
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

২৫ বছর ধরে জীবনযুদ্ধে লড়াই, পরিবারের হাল ধরেছেন পটিয়ার প্রতিবন্ধী নাছির

২৫ বছর ধরে জীবনযুদ্ধে লড়াই, পরিবারের হাল ধরেছেন পটিয়ার প্রতিবন্ধী নাছির
ছবি সংগৃহীত।

পটিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বারেক মিস্ত্রি বাড়ির বাসিন্দা মোহাম্মদ নাছির উদ্দীন (৫০)। শারীরিক প্রতিবন্ধকতা, দারিদ্র্য এবং নানা রোগব্যাধির সঙ্গে প্রতিনিয়ত লড়াই করেও থেমে যাননি তিনি।
ভিক্ষাবৃত্তির পথ বেছে না নিয়ে গত ২৫ বছর ধরে কলা বিক্রি করে সততার সঙ্গে জীবিকা নির্বাহ করছেন এবং পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন।
মৃত আবদুল হাকিম ও মৃত আলমাস খাতুনের একমাত্র সন্তান নাছির উদ্দীন। একসময় তিনি হেঁটে হেঁটে বিভিন্ন এলাকায় কলা বিক্রি করতেন। কিন্তু একটি দুর্ঘটনায় পায়ে গুরুতর আঘাত পাওয়ার পর স্বাভাবিকভাবে চলাফেরা করা তার জন্য কঠিন হয়ে পড়ে। এরপর থেকে তিনি এক জায়গায় বসেই ক্ষুদ্র পরিসরে কলা বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছেন।
বর্তমানে স্ত্রী ও দুই সন্তান নিয়ে তার সংসার। অল্প আয়ের এই ব্যবসা দিয়ে সংসারের খরচ চালানো, সন্তানদের লেখাপড়ার ব্যয় বহন করা এবং নিজের চিকিৎসার খরচ মেটানো তার জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠেছে। তবুও জীবনের কঠিন বাস্তবতার কাছে হার না মেনে প্রতিদিন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তিনি।
মোহাম্মদ নাছির উদ্দীন বলেন, “আমার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। সংসারের খরচ এবং সন্তানদের পড়ালেখার ব্যয় বহন করতে খুব কষ্ট হয়। পরিবারের উপার্জনের আর কেউ নেই। আমি প্রতিবন্ধী হয়েও কারও কাছে হাত পাতিনি। হালাল উপার্জনের জন্য ২৫ বছর ধরে কলা বিক্রি করে আসছি। সবাই আমার জন্য দোয়া করবেন এবং যার যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।”
পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেন বলেন, “নাছির উদ্দীন একজন পরিশ্রমী ও আত্মমর্যাদাবোধসম্পন্ন মানুষ। শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তিনি কখনও ভিক্ষাবৃত্তিকে বেছে নেননি। বরং সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে পরিবারকে টিকিয়ে রাখার চেষ্টা করছেন। তবে বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে তার মতো ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবনযাপন আরও কঠিন হয়ে পড়েছে।”
সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি এবং মানবিক সংগঠনগুলোর সহায়তা পেলে নাছির উদ্দীনের পরিবার কিছুটা স্বস্তি পাবে বলে মনে করেন তিনি। সংগ্রামী এই মানুষটির পাশে দাঁড়ানো সমাজের মানবিক দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।




বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে- শাহজাহান চৌধুরী এমপি

বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে- শাহজাহান চৌধুরী এমপি
ছবি সংগৃহীত।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় সাতকানিয়ার সড়ক যোগাযোগ ব্যবস্থা নজিরবিহীন ক্ষতির মুখে পড়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসংখ্য সড়ক, কালভার্ট ও সেতুর সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। কৃষকরা উৎপাদিত ফসল বাজারজাত করতে পারছেন না, শিক্ষার্থীদের যাতায়াত ব্যাহত হচ্ছে এবং জরুরি স্বাস্থ্যসেবাও বাধাগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও এলজিইডির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করে অগ্রাধিকার ভিত্তিতে সব ক্ষতিগ্রস্ত সড়ক পুন:র্নিমাণ করা হবে। মানুষের দুর্ভোগ লাঘবই এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

বুধবার বিকালে সাতকানিয়া ঢেমশা ইউনিয়নের কেরানীহাট-হাঙ্গুরমুখ সড়কের কার্তিকের দোকান এলাকায় বন্যায় ধসে যাওয়া অংশ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন। পাশাপাশি দ্রুত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সংস্কার কাজ শুরুর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে, সাতকানিয়া উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মাহমুদুল হক, ঢেমশা ইউনিয়ন জামায়াতের সভাপতি নেজাম উদ্দিন, সেক্রেটারি অধ্যক্ষ আবুল হিসাম মোহাম্মদ জাবেদ, নলুয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারি আবুল বাশার, ইউপি সদস্য পলাশ সেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।




লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. দেলোয়ার (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন ড্রাইভার ছিলেন।

বুধবার (২২ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার পূর্ব পদুয়া দিঘির পাড়া এলাকায় নিজ বাড়ির ছাদে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার পূর্ব পদুয়া দিঘির পাড়া এলাকার জরির বর বাড়ির বাসিন্দা মাহমদ মিয়ার ছেলে।

প্রতিবেশী ব্যবসায়ী মো. সাইফুল জানান, ঘটনার দিন দেলোয়ার বাড়ির ছাদে মুরগির ফার্মে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ দেয়নি।
 




বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ইসলামী আন্দোলনের নগদ অর্থ বিতরণ

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ইসলামী আন্দোলনের নগদ অর্থ বিতরণ
ছবি সংগৃহীত।

বাঁশখালীতে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে মিয়ারবাজারস্থ ইসলামী আন্দোলন কার্যালয়ে ৭০ জন ক্ষতিগ্রস্ত আলেম ও তাঁদের পরিবারের কাছে এই অর্থ হস্তান্তর করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি দেলোয়ার হোসাইন সাকী। চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মুজাহিদ ছগির আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম মহানগর সেক্রেটারি আলহাজ মুহাম্মদ ইকবাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি ও বাঁশখালী আসনে হাতপাখার প্রার্থী মাওলানা হাফেজ রুহুল্লাহ তালুকদার, মাওলানা ইয়াছিন আমিনী, মাওলানা মুফতি নুরুল আমিন, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা মোহাম্মদ ইউনুস, মাওলানা মোজাম্মিলুল হক ও মাওলানা আনোয়ারুল ইসলাম প্রমুখ।