২১ বছর পর চট্টগ্রামে তারেক রহমান, বিমানবন্দরে লাখো মানুষের সংবর্ধনা

দীর্ঘ ২১ বছর পর বন্দরনগরী চট্টগ্রামে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তিনি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর এলাকায় অপেক্ষমাণ হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ স্লোগানে স্লোগানে তাঁকে স্বাগত জানান।
বিমানবন্দরে তারেক রহমানকে অভ্যর্থনা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ চট্টগ্রামের শীর্ষ নেতৃবৃন্দ। আগামীকাল রোববার ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত দলীয় মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি। তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে পুরো চট্টগ্রামে ব্যাপক রাজনৈতিক তৎপরতা ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
মহাসমাবেশ ঘিরে পলোগ্রাউন্ড মাঠে গত কয়েকদিন ধরে চলছে বিশাল কর্মযজ্ঞ। মাঠের পশ্চিম পাশে ১০০ ফুট দৈর্ঘ্য ও ৬০ ফুট প্রস্থের একটি সুবিশাল মঞ্চ নির্মাণ করা হয়েছে, যেখানে প্রায় দেড় হাজার অতিথি বসতে পারবেন। সমাবেশের শব্দ প্রচারের জন্য পলোগ্রাউন্ড থেকে কদমতলী ও টাইগারপাস পর্যন্ত এলাকায় দুই শতাধিক মাইক স্থাপন করা হয়েছে।
নিরাপত্তার বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) জানিয়েছে, পুরো এলাকাকে তিন স্তরের নিরাপত্তা বলয়ে ভাগ করা হয়েছে। মঞ্চ এলাকাকে ‘রেড জোন’, সম্মুখভাগকে ‘ইয়েলো জোন’ এবং পুরো মাঠকে ‘গ্রিন জোন’ হিসেবে ঘোষণা করা হয়েছে। শৃঙ্খলা রক্ষায় প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে।
উল্লেখ্য, তারেক রহমান সর্বশেষ ২০০৫ সালের ৬ মে চট্টগ্রাম সফর করেছিলেন। দীর্ঘ ২১ বছর পর তাঁর এই আগমনে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যেও ব্যাপক কৌতূহল ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।










