হাজী এম এ কালাম সরকারি কলেজের এইচএসসি বিদায় সংবর্ধনা

পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ির স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান হাজী এম. এ. কালাম সরকারি কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) কলেজ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এনামুল হাসান।
পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, এইচএসসি পরীক্ষাই জীবনের স্বপ্ন বিনির্মাণের মূল সিঁড়ি। এখন থেকে সতর্ক হতে হবে। ভালো ফলাফলের উপর নির্ভর করছে আগামীর পথচলা। কাজেই সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে তোমাদের এগোতে হবে।
কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জাফর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী পরিচালক (প্রমোশন) দরবেশ আলী আরমান, সহকারী পরিচালক (পিআর এন্ড মিডিয়া) ইমাম খাইর ও সহকারী রেজিস্ট্রার সেলিম জাহাঙ্গীর।
তারা কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উন্নত পড়াশোনার পরিবেশ, ১০০% স্কলারশিপসহ নানা সুযোগ সুবিধার কথা তুলে ধরেন। সেই সঙ্গে শিক্ষার্থীদের স্বপ্ন জাগিয়ে নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এবিএম মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শাহ আলম।
বিদায়ী পরীক্ষার্থীর উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন ও ইংরেজি বিভাগের প্রভাষক হাসান আহমদ সোবহানী।
অনুষ্ঠানে বিদায়ী পরীক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিদায়ী স্মারক পড়েন নাবিলা রহমান জয়া। অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষে মানপত্র পাঠ করেন আফরোজা সিদ্দিকা জিনিয়া।
বিদায় সংবর্ধনায় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।







