সীমান্ত পেরিয়ে আসা গুলিতে আহত স্কুলছাত্রী হুজাইফার মৃত্যু

মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের জেরে সীমান্ত পেরিয়ে আসা গুলিতে গুরুতর আহত স্কুলছাত্রী হুজাইফা সুলতানা আফনান (১০) মারা গেছে। রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে টানা ২৭ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে তার মৃত্যু হয়।
নিহত হুজাইফা কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল গ্রামের জসিম উদ্দিনের মেয়ে এবং স্থানীয় হাজী মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। গত ১১ জানুয়ারি সকালে বাড়ির পাশের দোকানে নাস্তা কিনতে গেলে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আসা একটি বুলেট তার মাথায় বিদ্ধ হয়।
আহত হুজাইফাকে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় গত ১৩ জানুয়ারি তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় আজ সকাল ৯টা ৫০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা শওকত আলী জানান, ঢাকার আনুষ্ঠানিকতা শেষে মরদেহ নিয়ে তারা টেকনাফের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এই ঘটনায় লম্বাবিল গ্রামসহ পুরো টেকনাফে উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা সীমান্ত সুরক্ষা জোরদার করার দাবি জানিয়েছেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম স্কুলছাত্রী হুজাইফার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।







