সাতকানিয়ায় এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

সাতকানিয়ায় গাঁজা সেবন করে এলাকায় জনশান্তি বিনষ্টের অভিযোগে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়।
গতকাল বৃহস্পতিবার ২ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কলিয়াইশ ইউনিয়নের একটি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় কিছু মাদকাসক্ত ব্যক্তি প্রকাশ্যে গাঁজা সেবন করে পরিবেশ নষ্ট করছে এবং পথচারী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। বিষয়টি প্রশাসনের নজরে আসলে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার উদ্যোগ নেওয়া হয়।
সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামানের নেতৃত্বে এবং সাতকানিয়া থানা পুলিশের সক্রিয় সহযোগিতায় পরিচালিত এই অভিযানে ঘটনাস্থল থেকে আরমান উদ্দিন (২৭) নামে এক যুবককে আটক করা হয়। তিনি কলিয়াইশ ইউনিয়নের কালিয়াইশ গ্রামের বাসিন্দা মোজাফ্ফর আহামদের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার এবং প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে তাকে তাৎক্ষণিকভাবে ১০০ টাকা জরিমানা এবং ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।






