সাতকানিয়া ইয়াম্মি ফুড প্রোডাক্ট আচার কারখানায় ভ্রাম্যমাণ আদালতে অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

সাতকানিয়ায় পচা বরই, জলপাই, ক্ষতিকর কেমিক্যাল ও কৃত্রিম রং ব্যবহার করে অস্বা স্থ্যকর পরিবেশে আচার তৈরির একটি ইয়াম্মি ফুড প্রোডাক্ট নামের অবৈধ কারখানার সন্ধান পেয়েছে উপজেলা প্রশাসন। এসব আচার নকল প্যাকেট ও লেবেল ব্যবহার করে কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় বাজারজাত করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে।
বুধবার (৬ মে) দুপুরে সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের নাপিতের চর এলাকায় একটি পরিত্যক্ত ইটভাটায় পরিচালিত ওই কারখানায় অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান। অভিযানে বিপুল পরিমাণ পচা বরই, জলপাই, কেমিক্যাল, নকল প্যাকেট ও আচার তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।
অভিযানকালে দেখা যায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে শ্রমিকরা খালি হাতে আচার তৈরি করছেন। ব্যবহৃত হচ্ছিল নিম্নমানের লবণ, চিনি, কৃত্রিম রং ও অনুমোদনহীন রাসায়নিক। কারখানাটির কোনো বিএসটিআই অনুমোদন কিংবা বৈধ কাগজপত্রও পাওয়া যায়নি।
এ ঘটনায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বিএসটিআই অনুমোদন ছাড়া আচার তৈরি ও বাজারজাত করার দায়ে কারখানা কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কারখানাটি বন্ধ করে দেয় প্রশাসন।
ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে পচা বরই৷ জলপাই ও ক্ষতিকর কেমিক্যাল দিয়ে আচার তৈরির প্রমাণ পেয়েছি। জনস্বাস্থ্যের সঙ্গে কোনো আপস করা হবে না। এ ধরনের অবৈধ কারখানার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।






