সাড়ে ২৮ হাজার টাকা কমে যে দামে বিক্রি হচ্ছে সোনা
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

সাড়ে ২৮ হাজার টাকা কমে যে দামে বিক্রি হচ্ছে সোনা

সাড়ে ২৮ হাজার টাকা কমে যে দামে বিক্রি হচ্ছে সোনা
ছবি সংগৃহীত।

দেশের বাজারে সোনার দামে বড় পতন হয়েছে। টানা ৮ দফায় ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমেছে ২৮ হাজার ৫০৮ টাকা। এতে ভালো মানের এক ভরি সোনার গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ টাকার কাছাকাছি দামে। আর কম দামি বা সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনার দাম দেড় লাখ টাকার নিচে। ভালো মানের রুপার গহনার ভরি বিক্রি হচ্ছে ৩ হাজার টাকার কিছু বেশি দামে।

দেশে সোনা ও রুপার দাম নির্ধারণের দায়িত্ব পালন করা বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২০ নভেম্বর সকাল ১০টা থেকে সোনার গহনা ও রুপার গহনার এই দাম নির্ধারণ করে। আবার নতুন দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত এই দামেই দেশে সোনার গহনা ও রুপার গহনা বিক্রি হবে।

গত ২০ নভেম্বর ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমানো হয় ১০ হাজার ৯৫৪ টাকা। তার আগে ১৯ নভেম্বর ৩ হাজার ২৬৬ টাকা, ১৮ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৪ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৩ নভেম্বর ২ হাজার ১৫৮ টাকা, ১২ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১১ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা এবং ৬ নভেম্বর কমানো হয় ২ হাজার ৭৪১ টাকা। ফলে আট দফায় ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমানো হলো ২৮ হাজার ৫০৮ টাকা।

বাজুস নির্ধারণ করা সর্বশেষ দর অনুযায়ী, বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে এক লাখ ৯২ হাজার ১০৬ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে এক লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হচ্ছে এক লাখ ৩৫ হাজার ৮৮৬ টাকা।

অন্যদিকে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম রাখা হচ্ছে ৩ হাজার ৩৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের রুপা ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি এক হাজার ৯২৫ টাকায় বিক্রি হচ্ছে। 




একনেকে ১৬ প্রকল্প অনুমোদন, ৪টিই জনপ্রশাসন প্রতিমন্ত্রীর জেলায়

একনেকে ১৬ প্রকল্প অনুমোদন, ৪টিই জনপ্রশাসন প্রতিমন্ত্রীর জেলায়
ছবি সংগৃহীত।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ে ১৬টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা। প্রকল্প ঋণ ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১০ কোটি টাকা।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প ১৪টি এবং সংশোধিত প্রকল্প ২টি। তবে অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে এককভাবে সর্বোচ্চ চারটি প্রকল্পই নেওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারীর নিজ জেলা জয়পুরহাটের জন্য। এই চার প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৩৮৯ কোটি ৬৭ লাখ টাকা।

বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত ১৬টি প্রকল্পের মধ্যে নতুন ১৪টি এবং সংশোধিত দুটি। মন্ত্রণালয়ভিত্তিক হিসাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সর্বোচ্চ সাতটি এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের চারটি প্রকল্প অনুমোদন পেয়েছে।

পরিকল্পনা মন্ত্রণালয় জানিয়েছে, জয়পুরহাট-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারীর জেলা জয়পুরহাটের যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে চারটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর মধ্যে সম্পূর্ণ নতুন প্রকল্প হিসেবে ১ হাজার ৯৩৭ কোটি টাকা ব্যয়ে ‘মোকামতলা-কালাই-জয়পুরহাট মহাসড়ক চার লেনে উন্নীতকরণ’ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। সরকারি অর্থায়নে চলতি বছরের নভেম্বর থেকে ২০৩০ সালের জুন মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

এ ছাড়া ‘জয়পুরহাট সড়ক বিভাগাধীন ৩টি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ শীর্ষক আরেকটি প্রকল্প অনুমোদন পেয়েছে, যার মোট ব্যয় ধরা হয়েছে ৪৭২ কোটি ৩৬ লাখ টাকা। ২০২৭ সালের জানুয়ারি থেকে ২০২৯ সালের ডিসেম্বর মেয়াদে এটি বাস্তবায়িত হবে। পাশাপাশি ৩৩১ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে ‘জয়পুরহাট জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম সংশোধন)’ অনুমোদন দেওয়া হয়েছে, যা ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৮ সালের ডিসেম্বর নাগাদ শেষ হওয়ার কথা রয়েছে। এর বাইরে ‘জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন’ প্রকল্পটিও অনুমোদন পেয়েছে। ৬৪৮ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ের এই প্রকল্পটি ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩০ সালের জুন মেয়াদে বাস্তবায়ন করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে সারা দেশেই সড়ক অবকাঠামোর বেহাল দশা বিরাজ করছে। তা সত্ত্বেও একটি নির্দিষ্ট জেলাকেই এতটা গুরুত্ব দিয়ে প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকির মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, প্রভাবশালী মন্ত্রী ও আমলাদের নিজ এলাকায় প্রকল্প নেওয়ার প্রবণতা আগেও ছিল। বিগত সরকারের আমলে প্রতি একনেক সভায় সাবেক পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তার নিজ জেলা কুমিল্লায় এবং সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সুনামগঞ্জে প্রকল্প অনুমোদনে অগ্রাধিকার দিতেন। একইভাবে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের নিজ জেলা মেহেরপুরে চুয়াডাঙ্গা-মেহেরপুর রেলপথসহ একাধিক প্রকল্প অনুমোদন পেয়েছিল। এ ছাড়া সাবেক মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেনের আগ্রহে আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ সেতু প্রকল্প অনুমোদন পায়। অন্যদিকে, গত আওয়ামী লীগ সরকারের শেষ একনেক সভায় সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের এলাকায় ৪ হাজার ১৭৪ কোটি টাকা ব্যয়ে মেঘনা-ধনাগোদা নদীর ওপর ঝুলন্ত সেতু নির্মাণ প্রকল্প অনুমোদন দেওয়া হলেও পরবর্তী সময়ে তা বাতিল করা হয়।

অনুমোদিত ১৬টি প্রকল্প হচ্ছে—স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ৭টি প্রকল্প-উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্প। জয়পুরহাট জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম সংশোধন)। ফরিদপুর ও রাজবাড়ী জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (এফআরডিআইআরআইডিপি)। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (এসএসএমএইচআরআইআইপি)। বৃহত্তর যশোর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প। পল্লী জীবিকায়ন প্রকল্প-৩য় পর্যায় (২য় সংশোধন)। দাশেরকান্দি পয়ঃশোধনাগারের জন্য পয়ঃবর্জ্য সংগ্রহ লাইন নির্মাণ প্রকল্প (ফেজ-১)।

পানিসম্পদ মন্ত্রণালয়ের ৪টি প্রকল্প হচ্ছে, দেশব্যাপী খাল, ছোট নদী ও জলাশয় খনন ও পুনঃখননের মাধ্যমে নিষ্কাশন ও সেচ সুবিধা বৃদ্ধি প্রকল্প। জামালপুর জেলার ব্রহ্মপুত্র নদ এবং জিঞ্জিরাম নদীর ভাঙন প্রতিরোধ প্রকল্প। সুগন্ধা ও সন্ধ্যা নদীর ভাঙন হতে বরিশাল জেলার বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকা রক্ষা কাজ (১ম পর্যায়) প্রকল্প। মেট্রো ঢাকা প্রকল্প—গোড়ানচটবাড়ী রিটেনশন পন্ড এবং তুরাগ নদী সুরক্ষা ও সংরক্ষণ প্রকল্প (১ম পর্যায়)।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ২টি প্রকল্প হচ্ছে, জয়পুরহাট সড়ক বিভাগাধীন ৩টি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প। মোকামতলা-কালাই-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক (আর-৫৫০) চার লেনে উন্নীতকরণ (সার্ভিস লেনসহ) প্রকল্প।

অন্যান্য মন্ত্রণালয় ও কার্যালয়ের ৩টি প্রকল্প হচ্ছে-কৃষি মন্ত্রণালয়ের ‘জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্প (অংশ-১)’।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘ঢাকাস্থ ধামরাইয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ’ প্রকল্প। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ‘বাংলাদেশ বিমান বাহিনীর ঢাকা এলাকায় অফিসারদের আবাসিক সমস্যা নিরসনকল্পে অবকাঠামোগত উন্নয়ন’ প্রকল্প।

এ ছাড়া সভায় পরিকল্পনামন্ত্রী কর্তৃক ইতিমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত ১৪টি প্রকল্প সম্পর্কে একনেককে অবহিত করা হয়। এর মধ্যে কুমিল্লার মুরাদনগরে আর্চি ও বুড়ি নদী পুনঃখনন, জগন্নাথপুর ও মোহনগঞ্জে দুটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) স্থাপন, মিরকাদিম গরুর সংরক্ষণ ও উন্নয়ন গবেষণা, রাজশাহী বিভাগে জলবায়ু সহনশীল মৎস্যসম্পদ উন্নয়ন, ঝুঁকিপূর্ণ বেইলি সেতুর স্থলে কংক্রিট সেতু নির্মাণ এবং দেশের দুর্গম ও প্রত্যন্ত পর্যটন এলাকায় স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে টেলিটকের উচ্চগতির মোবাইল নেটওয়ার্ক সেবা সম্প্রসারণ প্রকল্প অন্যতম।




কমেছে সোনা-রুপার দাম

কমেছে সোনা-রুপার দাম
ছবি সংগৃহীত।

তেজাবি সোনা-রুপার দাম কমায় দেশের বাজারে সোনা-রুপার দাম কমেছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম কমানো হয়েছে ২ হাজার ২১৭ টাকা।

এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা। আর ভ্যাটসহ ভালো মানের এক ভরি রুপার দাম ১৭৭ টাকা কমিয়ে ৩ হাজার ৩৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

যা আজ সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হবে।

বুধবার (১৮ নভেম্বর) সকালে এই দাম কমানো হয়েছে বলে জানিয়েছে জুয়েলারি ব্যবসায়ীরা।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৭ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫ হাজার ৬৯৪ টাকা।


এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৭৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৭০৯ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক হাজার ৪৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৩৪২ টাকা।

এর আগে গত ১৪ নভেম্বর ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৫ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৫৯৩ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৯৯ টাকা কমিয়ে ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক হাজার ৫১৬ টাকা কমিয়ে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়।

এদিকে সোনার দাম কমানোর পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়ে ৩ হাজার ৩৮২ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৬ টাকা কমিয়ে ৩ হাজার ২০৭ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ১৭৫ টাকা কমিয়ে ২ হাজার ৭৪১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়ে ২ হাজার ৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩৯ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৬৫ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ৭৪ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

প্রসঙ্গত, দেশের বাজারে গত ২৯ জানুয়ারি সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়, যা দেশের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করে। এটাই ছিল সোনার সর্বোচ্চ দাম।




ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ

ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ছবি সংগৃহীত।

জামানত ছাড়াই সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে স্বল্প সুদে এ ঋণ নিতে পারবেন গ্রাহকরা। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী, নারী উদ্যোক্তা, শিক্ষার্থী, প্রতিবন্ধী ব্যক্তি এবং ব্যাংকিং সুবিধার বাইরে থাকা মানুষদের এ ঋণ দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ‘ই-ঋণ’ (ই-লোন) পুনঃঅর্থায়ন স্কিম হালনাগাদ করা হয়েছে। গত ৯ নভেম্বর এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। নতুন নির্দেশনা অনুযায়ী, স্কিমটির মেয়াদ ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, দেশের তফসিলি ব্যাংকগুলোর মাধ্যমে এ ঋণ বিতরণ করা হবে। ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং অ্যাপ, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) ও ই-ওয়ালেটসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে গ্রাহকরা ঋণের আবেদন ও অর্থ গ্রহণের সুযোগ পাবেন। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে ডিজিটাল পদ্ধতিতে।

এ স্কিমের আওতায় একজন গ্রাহক সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ নিতে পারবেন। ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ ১২ মাস। গ্রাহক পর্যায়ে বার্ষিক সুদ বা মুনাফার হার নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৯ শতাংশ।

অন্যদিকে, এ স্কিমের আওতায় অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে বার্ষিক ১ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক।

যারা ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন

ই-ঋণ স্কিমে ঋণ বিতরণের ক্ষেত্রে কয়েকটি জনগোষ্ঠীকে বিশেষ অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছেন প্রান্তিক জনগোষ্ঠী, প্রত্যন্ত ও দূরবর্তী এলাকায় বসবাসকারী এবং ব্যাংকিং সুবিধার বাইরে থাকা মানুষ।

এ ছাড়া প্রান্তিক নারী, অতিক্ষুদ্র ও ক্ষুদ্র নারী উদ্যোক্তা, ১৮ থেকে ২৫ বছর বয়সী স্টুডেন্ট ব্যাংকিং হিসাবধারী শিক্ষার্থী, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি এবং তৃতীয় লিঙ্গের গ্রাহকরাও অগ্রাধিকার পাবেন।

বাংলাদেশ ব্যাংকের লক্ষ্য, প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার বাইরে থাকা জনগোষ্ঠীকে সহজে ঋণ সুবিধার আওতায় আনা। বিশেষ করে যাদের পক্ষে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় জামানত দিয়ে ঋণ নেওয়া কঠিন, তাদের জন্য এ স্কিম কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

ডিজিটাল লেনদেনে অভ্যস্ততা বাড়ানোর লক্ষ্য

বাংলাদেশ ব্যাংক মনে করে, এ স্কিমের মাধ্যমে ক্ষুদ্র ঋণ সুবিধা সহজলভ্য হওয়ার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর আয়বর্ধক কর্মকাণ্ড বাড়বে। একইসঙ্গে ব্যাংকিং লেনদেনে মোবাইল অ্যাপ্লিকেশনসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে মানুষের আগ্রহ ও অভ্যস্ততা তৈরি হবে।

এর ফলে আর্থিক অন্তর্ভুক্তি বাড়ার পাশাপাশি নগদ অর্থের ব্যবহার কমিয়ে ক্যাশলেস সমাজ প্রতিষ্ঠার উদ্যোগও গতি পাবে।

কেন্দ্রীয় ব্যাংকের মতে, অর্থনৈতিক বৈষম্য কমানো এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই আর্থিক খাত গড়ে তোলার লক্ষ্যেই ই-ঋণ পুনঃঅর্থায়ন স্কিমটি হালনাগাদ করা হয়েছে।