সম্প্রীতি বান্দরবান ফুটবল টুর্নামেন্টের বিজয়ী নারী দলকে সংবর্ধনা দেবে ৩৮ বিজিবি

সম্প্রীতি বান্দরবান ফুটবল টুর্নামেন্টে বিজয়ী নারী দলকে সংবর্ধনা জানাতে জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছে বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) বলিপাড়া জোন। নারী ফুটবলারদের সাফল্যকে সম্মান জানানো এবং তাঁদের উৎসাহিত করার লক্ষ্যে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিংপ্রু জেরী। নারী ফুটবলারদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন রাখা হয়েছে। এতে দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আইডল মং, খেয়া, রাজীব, মেরি ও নাদিয়া আরফিন মৌরিসহ অন্যান্য শিল্পীর অংশ নেওয়ার কথা রয়েছে।
আয়োজক সূত্রে জানা যায়, আগামী ২৭ অক্টোবর মঙ্গলবার বিকেল ৪টায় থানচি মাল্টিপারপাস টাউন হলে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। খেলাধুলায় নারীদের অংশগ্রহণ ও সাফল্যকে উৎসাহিত করা, তরুণ প্রজন্মের মধ্যে ক্রীড়াচর্চার আগ্রহ বাড়ানো এবং পার্বত্য অঞ্চলের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য জোরদার করার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে নারী ফুটবলারদের অর্জনকে আনুষ্ঠানিকভাবে সম্মান জানানোর মধ্য দিয়ে অন্য নারীদেরও খেলাধুলায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করার প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
পার্বত্য বান্দরবানের বৈচিত্র্যময় সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশে খেলাধুলা মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও সম্প্রীতি গড়ে তোলার একটি কার্যকর মাধ্যম। সেই বিবেচনায় নারী ফুটবলারদের সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হবে বলে আশা করছেন আয়োজকরা।
বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) বলিপাড়া জোনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান সফল ও সার্থক করে তুলতে সংশ্লিষ্ট সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস, পদাতিক।
আয়োজকরা আশা করছেন, নারী ফুটবলারদের সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি আনন্দঘন ও উৎসবমুখর হয়ে উঠবে। একই সঙ্গে এ আয়োজন পার্বত্য অঞ্চলে ক্রীড়াঙ্গনের বিকাশ, নারীর ক্ষমতায়ন এবং সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে।










