সফলতার প্রত্যাশায় FCH কোচিং হোমে এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

সফলতার প্রত্যাশায় FCH কোচিং হোমে এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা

সফলতার প্রত্যাশায় FCH কোচিং হোমে এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা
ছবি সংগৃহীত।

২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে ফারুক কোচিং হোম (এফসিএইচ)-এ এক আবেগঘন বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে কোচিং সেন্টারের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এক আন্তরিক ও প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সার্বিক সফলতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফসিএইচ-এর এসএসসি ২০১৬ ব্যাচের মেধাবী শিক্ষার্থী, বান্দরবান জেলা পরিষদ স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক এবং পাইওনিয়ার কোচিং হোমের জনপ্রিয় শিক্ষক জনাব অয়ন বড়ুয়া। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফসিএইচ-এর এসএসসি ২০১৬ ব্যাচের মেধাবী শিক্ষার্থী, সাইটেক জোনের প্রতিষ্ঠাতা এবং বান্দরবান জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক জনাব প্রান্ত চৌধুরী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফসিএইচ-এর এসএসসি ২০১৮ ব্যাচের মেধাবী শিক্ষার্থী, এডুকেশন পয়েন্ট কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা এবং বান্দরবান বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জনাব জাহিদ হোসেন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ আসন্ন এসএসসি পরীক্ষাকে সামনে রেখে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং মনোবল দৃঢ় রাখার পরামর্শ দেন। এসময় প্রধান অতিথিদের পক্ষ থেকে শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয় এবং ফারুক কোচিং হোম (এফসিএইচ)-এর পক্ষ থেকে ফুলেল 
শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।
অনুষ্ঠানের এক পর্যায়ে শিক্ষার্থীদের আবেগঘন মুহূর্তে পরিবেশ ভারী হয়ে ওঠে। কোচিং হোমের শিক্ষক জনাব গোলাম ফারুক শিক্ষার্থীদের উদ্দেশ্যে হৃদয়স্পর্শী বক্তব্য রাখেন, যা উপস্থিত সকলকে আবেগাপ্লুত করে।
শেষে সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ ও পরীক্ষায় সর্বোচ্চ সফলতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।




কচ্ছপিয়ায় ডাকাতি: কৃষককে মারধর করে টাকা-স্বর্ণ লুট, গুলি ফুটিয়ে পালিয়েছে ডাকাত দল

কচ্ছপিয়ায় ডাকাতি: কৃষককে মারধর করে টাকা-স্বর্ণ লুট, গুলি ফুটিয়ে পালিয়েছে ডাকাত দল
ছবি সংগৃহীত।

কক্সবাজারের রামুর কচ্ছপিয়ায় এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের রড ও দা'র উল্টো পিঠের আঘাতে আহত হন কৃষক মো. ইসমাঈল (৩৫) ও তাঁর স্ত্রী।

বুধবার (২২ জুলাই) গভীর রাত আড়াইটার দিকে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের শহরআলীর চর গ্রামের মোহাম্মদ ইসমাইলের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ৭-৮ জন ডাকাত অংশ নেয়।

তারা কৃষক ইসমাঈলের বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ১৫ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে। এমনকি কৃষককে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁর কোলের শিশুকে বিছানায় শুইয়ে জবাই করতেও উদ্যত হয় ডাকাত দল। ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে কৃষক ইসমাঈল এ প্রতিবেদকের কাছে অকপটে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাড়ির সবকিছু লুট করে চলে যাওয়ার সময় ডাকাতদল তাঁর বাড়ি থেকে ৩০ ফুট দূরে গিয়ে পরপর দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।

ইসমাইল আক্ষেপ করে বলেন, তাঁদের এলাকায় পুলিশ কখনো টহল দেয় না। যদি মাঝে মাঝে পুলিশি টহল থাকত, তবে ডাকাত দল অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে ডাকাতি করার সাহস পেত না। তিনি এখন নিঃস্ব।

বর্তমানে এই ইউনিয়নের শহরআলীর চর, নাপিতের চর, ডেইংগার চর, ডাকভাঙ্গা ও আশপাশের মানুষ চরম আতঙ্কে রয়েছে।




লামায় বোনের পালিয়ে বিয়ের ক্ষোভে ভাইয়ের আত্মহত্যা

লামায় বোনের পালিয়ে বিয়ের ক্ষোভে ভাইয়ের আত্মহত্যা
ছবি সংগৃহীত।

বান্দরবানের লামা উপজেলায় বোনের পালিয়ে বিয়ের খবর সহ্য করতে না পেরে মো. হাসান (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে লামা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান পাড়াস্থিত একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত মো. হাসান পটিয়া থানার কোলাগাঁও টেক (চর কানাই, ছবুর মার্কেট) এলাকার মনো মিয়ার ছেলে এবং মো. সোলাইমানের পালক পুত্র। তিনি দীর্ঘদিন ধরে পরিবারের সাথে লামা পৌরসভার চেয়ারম্যান পাড়ার আনোয়ারা বেগমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত হাসানের ছোট বোন মেহেরুন্নেসা (২০) পরিবারের অজান্তে স্থানীয় সাকিব নামের এক যুবকের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেন। ছোট বোনের এমন কাণ্ড মেনে নিতে না পেরে তীব্র ক্ষোভ ও অভিমানে হাসান নিজ বসতঘরের বাঁশের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।

খবর পেয়ে লামা থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল কবির সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ মরহুমের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়ছার হামিদ জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”




নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২

নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২
ছবি সংগৃহীত।

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিপুল পরিমাণ টাকাসহ ২ চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক।

বিজিবি সূত্র জানায়, সোমবার বিকেলে আটকের পর তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। মঙ্গলবার (২১ জুলাই) সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২ জনকে থানায় সোপর্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— ছুরত আলম (৩২) ও আমানুল্লাহ (৪০)। তাঁদের কাছ থেকে ১ লাখ ৬২ হাজার টাকা উদ্ধার করা হয়।

সূত্র আরও জানায়, আটক ব্যক্তিদের সীমান্তের ৫০ নম্বর পিলার এলাকা থেকে আটক করেছে ১১ বিজিবির আওতাধীন লেবুছড়ি বিওপির জওয়ানেরা।

১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, “বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী। যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড বিজিবি কঠোর হস্তে দমন করবে। এতে ছাড় দেওয়া হবে না।”