শেষ আশ্রয় অনিশ্চিত, অসহায় বিধবা মহিলার পাশে দাঁড়ালো বান্দরবান সেনা জোন

বান্দরবান পার্বত্য জেলার বান্দরবান পৌরসভার ৯নং ওয়ার্ডের ইসলামপুর এলাকার অসহায় বিধবা কুলসুমা বেগমের জীবনে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বান্দরবান সেনা জোন।
দীর্ঘদিন ধরে চরম দারিদ্র্য ও অনিশ্চয়তার মধ্যে সন্তানদের নিয়ে জরাজীর্ণ একটি ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন তিনি। ঝড়-বৃষ্টি এলেই ভেঙে পড়ার আতঙ্কে দিন কাটত তার। নিরাপদ আশ্রয়ের অভাবে প্রতিটি রাত ছিল অনিশ্চয়তা ও ভয়ের।
এমন পরিস্থিতিতে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয় বান্দরবান সেনা জোন। জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল হুমায়ুন রশীদ, পিএসসি’র সার্বিক দিকনির্দেশনায় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সহায়তার উদ্যোগ গ্রহণ করা হয়।
তার আন্তরিক তত্ত্বাবধান ও মানবিক নেতৃত্বে কুলসুমা বেগমের জন্য ঘর নির্মাণে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এর ফলে তার নতুন ঘর নির্মাণের কাজ শিগগিরই শুরু হবে বলে জানা গেছে।
এই সহায়তা শুধু একটি নিরাপদ আশ্রয়ই নিশ্চিত করছে না, বরং তার জীবনে ফিরিয়ে দিচ্ছে বেঁচে থাকার সাহস ও নতুন স্বপ্ন দেখার প্রেরণা।
সহায়তা পেয়ে আবেগাপ্লুত কুলসুমা বেগম বলেন,
“আমার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না। আমি একেবারেই অসহায় ছিলাম। বান্দরবান সেনা জোন আমার জীবনে আলোর মতো এসেছে। তাদের এই সহায়তা আমি কখনো ভুলব না।”
স্থানীয় এলাকাবাসীও সেনা জোনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, দেশের যেকোনো দুর্যোগে যেমন সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তেমনি মানবিক সংকটেও তারা মানুষের পাশে দাঁড়িয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে।
বাংলাদেশ সেনাবাহিনীর এ উদ্যোগ শুধু একটি পরিবারকে সহায়তা করেনি, বরং সমাজে মানবিকতা, সহমর্মিতা ও দায়িত্ববোধের এক শক্তিশালী বার্তা পৌঁছে দিয়েছে।









