শিশু ওয়াহিদ হত্যাকারীদের দ্রুত ফাঁসির দাবিতে মাতামুহুরীতে মানববন্ধন ও বিক্ষোভ

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি (চকরিয়া) উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় সাত বছর বয়সী শিশু ওয়াহিদের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় গ্রেফতার হওয়া হত্যাকাণ্ডে জড়িত আসামিদের দ্রুত বিচার সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ ফাঁসির দাবি জানান বিক্ষুব্ধ এলাকাবাসী।
শুক্রবার(২৬ জুন) আয়োজিত এ কর্মসূচি ইউনিয়ন পরিষদ মাঠ থেকে শুরু হয়ে বেতুয়াবাজার চৌমুহনী পর্যন্ত বিক্ষোভ মিছিলের মাধ্যমে অগ্রসর হয়। পরে সেখানে দীর্ঘ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশ নেন।
অংশগ্রহণকারীরা শিশু ওয়াহিদ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের আরও কার্যকর ভূমিকা কামনা করেন।
বক্তারা বলেন, একটি নিষ্পাপ শিশুকে নির্মমভাবে হত্যা করা শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্য গভীর বেদনার বিষয়। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হলে ভবিষ্যতে এমন অপরাধ সংঘটনের প্রবণতা কমবে।
সমাবেশে উপস্থিত জনসাধারণ বলেন, শিশু ওয়াহিদের পরিবার যেন দ্রুত ন্যায়বিচার পায় এবং বিচার প্রক্রিয়া কোনোভাবেই দীর্ঘসূত্রতায় না পড়ে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে মামলার নিষ্পত্তির আহ্বান জানান।







