শিশুহত্যার বিচার ও ফাঁসির দাবিতে চকরিয়ায় আদালতের সামনে সড়ক অবরোধ, বিক্ষোভ

মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের শিশু ওয়াহিদুল ইসলাম (৭) হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বুধবার (১৭ জুন) চকরিয়া আদালত প্রাঙ্গণের সামনে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় নারী-পুরুষ, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা।
সকালে গ্রেফতারকৃত সন্দেহভাজন আসামিদের আদালতে হাজির করা হলে শত শত মানুষ আদালতের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা হত্যাকাণ্ডের রহস্য দ্রুত উদঘাটন, প্রকৃত অপরাধীদের গ্রেফতার এবং দোষীদের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভকারীরা আদালতসংলগ্ন সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করলে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। খবর পেয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সরিয়ে দেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
বিক্ষোভে অংশ নেওয়া স্থানীয়রা বলেন, শিশু ওয়াহিদুল ইসলামের মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা অভিযোগ করেন, এ ধরনের নৃশংস ঘটনায় বিচার বিলম্বিত হলে অপরাধীরা উৎসাহিত হবে।
উল্লেখ্য, গত রবিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল পূর্ব বড় ভেওলা ইউনিয়নের মাইজপাড়া এলাকার তৌহিদুল ইসলাম লিটনের ছেলে ওয়াহিদুল ইসলাম। নিখোঁজের দুই দিন পর মঙ্গলবার সকালে ফজুমিয়াজির চর এলাকার একটি ডোবা খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তারেক, মানিক ও আরমান নামে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করা হবে। তবে স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।







